রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অর্জিত হয়েছে ২.৪% মুনাফা

পেনশন ফান্ডের মূল্যমান  ২৯৭.৮ বিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পেনশন ফান্ডের মূল্যমান  ২৯৭.৮ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডের আনুমানিক মূল্য ২০২৫-২৬ রাষ্ট্রীয় অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে ২৯৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছেন রাজ্যের কম্পট্রোলার টম ডিন্যাপোলি।

কম্পট্রোলার জানান, ৩১ ডিসেম্বর সমাপ্ত তিন মাসের মেয়াদে ফান্ডের বিনিয়োগ থেকে আনুমানিক ২.৪% মুনাফা অর্জিত হয়েছে।
ডিন্যাপোলি এক বিবৃতিতে বলেন, ‘তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রীয় পেনশন ফান্ডের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে শেয়ার বাজারের দরপতন, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের ধীরগতি এবং সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা এখনো ঝুঁকির কারণ হিসেবে রয়ে গেছে। সৌভাগ্যবশত, আমার টিম অত্যন্ত বিচক্ষণতার সাথে এই ফান্ডের ব্যবস্থাপনা করছে। আমাদের পোর্টফোলিও বৈচিত্র্যময়, যা অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে এবং ফান্ডের ১২ লাখের বেশি কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের সুবিধাভোগীদের অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।’
গত ৩১ মার্চ সমাপ্ত পূর্ববর্তী অর্থবছর শেষে নিরীক্ষিত তথ্যানুযায়ী এই ফান্ডের মূল্য ছিল ২৭৩.১ বিলিয়ন ডলার।
কম্পট্রোলারের তথ্যমতে, পেনশন ফান্ডের সম্পদের ৪০% পাবলিকলি ট্রেডেড ইক্যুইটিতে (শেয়ার বাজার) বিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট সম্পদ নগদ অর্থ, বন্ড ও মর্টগেজ (২৩.৩%), প্রাইভেট ইক্যুইটি, রিয়েল এস্টেট এবং অন্যান্য খাতে বিনিয়োগ করা আছে।
উল্লেখ্য, নিউ ইয়র্কের এ পেনশন ফান্ডটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাবলিক পেনশন ফান্ডগুলোর মধ্যে অন্যতম।
 

শেয়ার করুন: