ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অনেক অংশে বাড়ির দাম কমতে থাকলেও, ধনী ও বিখ্যাত ব্যক্তিদের প্রধান বিচরণক্ষেত্র হ্যাম্পটন্সের চিত্র পুরোপুরি আলাদা।
লং আইল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত নিউ ইয়র্কের এই সমুদ্রতীরবর্তী এলাকাটি ধনকুবেরদের কাছে বরাবরের মতোই জনপ্রিয়। ধারণা করা হচ্ছে, আসন্ন গ্রীষ্মে এখানে বিলাসবহুল আবাসন বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হবে।
হ্যাম্পটন্স বিষয়ক সর্বশেষ ‘ডগলাস এলিম্যান/মিলার স্যামুয়েল’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে বাড়ির মধ্যক মূল্য সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৩৩.৬% বেশি। উল্লেখ্য, এই মূল্যবৃদ্ধি ঘটেছে এমন এক সময়ে যখন চারপাশ কয়েক ফুট বরফে ঢাকা ছিল।
ডগলাস এলিম্যান-ব্রিজহ্যাম্পটনের কাইল রোস্কো বলেন, ‘এখানে তুষারঝড় চলছে, কিন্তু আবাসন বাজারে বেশ উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে।’
তিনি আরো বলেন, ‘গ্রীষ্মকালে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর কেন্দ্র হিসেবে হ্যাম্পটন্স মানুষের প্রথম পছন্দ। তারা হয়তো ইউরোপ ভ্রমণে যান, কিন্তু তারা প্রকৃতপক্ষে এখানেই একটি বাড়ি পেতে চান।’
যদিও কেনাবেচার মূল মরসুম গ্রীষ্মকালে শুরু হয়, তবুও সাগ হারবারের বাসিন্দা রোস্কো—যিনি গ্রীষ্ম কাটান মনটকে—ইতিমধ্যেই বিভিন্ন সম্পত্তির জন্য ব্যাপক আগ্রহ দেখছেন। এর মধ্যে আমাগানসেট লেনসে নবনির্মিত ২৬.২ মিলিয়ন ডলারের একটি বিশাল আবাসনও রয়েছে।
প্রতিবেদন অনুসারে, হ্যাম্পটন্সে একটি একক পরিবার-ভিত্তিক বাড়ি বা কনডোর মধ্যক মূল্য বর্তমানে ২.৩৪ মিলিয়ন ডলার। এটি মাত্র এক প্রান্তিকে ১৭% এবং বছরের শুরু থেকে ১৯% বৃদ্ধি পেয়েছে।
সবচেয়ে চাহিদাসম্পন্ন এলাকা তবে হ্যাম্পটন্সের সব এলাকার চিত্র এক নয়। আমাগানসেটের বাড়ির মধ্যক মূল্য যেখানে অবিশ্বাস্যভাবে ৮৯.১% বেড়েছে, সেখানে কোগ/কিওগ গ্রামে এই বাড়ার হার তুলনামূলকভাবে সামান্য, মাত্র ৮.৪%।
আমাগানসেটের পরেই চাহিদার তালিকায় রয়েছে ওয়েস্টহ্যাম্পটন বিচ/ডুনস, ওয়েস্টহ্যাম্পটন, ইস্ট কোগ, হ্যাম্পটন বেস, ব্রিজহ্যাম্পটন, সাউদহ্যাম্পটন, সাগ হারবার ও ইস্ট হ্যাম্পটন।
বাজারের দখল নেওয়ার ক্ষেত্রে একক পরিবার-ভিত্তিক বাড়িগুলো কনডোর চেয়ে অনেক এগিয়ে আছে, যা মোট বাজারের ৯৬.৪%। এর মধ্যে বেশির ভাগ বিক্রি (৫৩%) হয়েছে ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলারের মধ্যে। অন্যদিকে ২৯.৬% ক্রেতা ১ মিলিয়ন ডলারের নিচে কোনো সম্পদ খুঁজে পেয়েছেন।

















