ছবি: সংগৃহীত
দেশ ও প্রবাসের সামাজিক সংগঠন ভালো’র পথমেলায় দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো। ফলে সিটির কুইন্স বরোর জ্যামাইকা’র মেজর পার্ক হয়ে উঠলো এক খন্ড বাংলাদেশ। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরীদের ব্যাপক উপস্থিতি এবারের পথমেলায় ভিন্ন মাত্র যোগ করে। শুক্রবার (১৯ জুন) সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৭৫ স্ট্রীট কর্ণার সংলগ্ন মেজর পার্ক আর ১৭৩ স্ট্রীটের উপর এই মেলার আয়োজন করা হয়।
হরেক রকমের শতাধিক স্টল ছাড়াও মেলায় ছিলো শিশুদের জন্য বিশেষ রাইড। আরো ছিলো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা। ছিলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আর বিশেষ র্যাফল ড্র। খবর ইউএনএ’র।
চমৎকার আবহাওয়ায়, গাছ-গাছালিতে ঘেরা পার্কের শীতল ছায়ায় বিকেল তিনটা থেকে পথমেলার কর্মকান্ড শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার পর থেকেই সর্বস্তরের দেশী-বিদেশী মানুষ মেলায় সমবেত হতে থাকেন। অপরাহ্ন থেকে মেলায় শত শত বাংলাদেশীর সপরিবারে সমাগম লক্ষ্য করা যায়। হরেক রকম খাবার, পোশাক পরিচ্ছদ, হস্তলিল্প, খেলনা আর প্রফেশনাল শতাধিক স্টল ঘিরে মানুষের আগ্রহও ছিলো ব্যাপক, ছিলো উপচে পড়া ভিড়। খাবারের স্টগুলোতে বেচাকেনা হয়েছে প্রচুর। বিকেলে দেশী-বিদেশী এতো মানুষের সমাগম ঘটে যে মেজর পার্ক ও তার আশপাশে চলাচল করাই ছিলো কষ্ট সাধ্য। তারপরও মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করেছেন, শিশুরা রাইডে আনন্দ করেছে আর ফুটবল পাগল মানুষরা বিশ্বকাপ ফুটবল দেখে আননন্দ উপভোগ করেছেন। মেলায় বয়োবৃদ্ধদের উপস্থিতও ছিলো লক্ষনীয়। ডিএইচ হোম কেয়ার সার্ভিস-এর স্টল থেকে মেলায় আগত শিশু-কিশোরদের ফ্রি বিভিন্ন উপহার প্রদান করে। এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশুদের জন্য ফ্রি উপহার কর্মসূচী ছিলো।
মূল মঞ্চে সঙ্গীত শিল্পী রাজিব রহমান ও বিউটি দাস সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে যেমন পরিবেশিত হয় শিল্পীদের গান, অপরদিকে ছিলো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি প্রদশর্নী। বিপুল সংখ্যক মানুষ এই খেলা উপভোগ করেন। এছাড়াও শিশুদের বিভিন্ন রাইডে ছিলো সর্বস্তরের শিশু-কিশোর-কিশোরীদর ব্যাপক অংশগ্রহণ। ফ্রি রাইডগুলোতে তারাও ব্যাপক আনন্দ উপভোগ করে।
ভালো’র পথমেলায় যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস, পাবলিক এডভোকেট জুমানে উইলিয়ামস।
এছাড়াও বিকেলে মূল মঞ্চে শুচ্ছেভা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পীকার ড. নাতাশা উলিয়ামস, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, ইউএস কংগ্রেস সদস্য প্রার্থী চাক পার্ক, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেক, ইলহাম একাডেমীর কর্ণধার মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সামাজিক সংগঠন হিসেবে ভালো’র কর্মকান্ডের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে কমিউনিটির আপদ-বিপদে পাশে থাকার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে ভালো নামক সংগঠন অভিবাসীদের সমৃদ্ধ করছে।
ভালো’র কর্ণধার শাহরিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের এক ঝাঁক স্বেচ্ছাসেবী মেলা সফল করতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

















