শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রুকলিনে সিএমবিবিএ’র  ১৬তম পথমেলা অনুষ্ঠিত

নিউইয়র্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৯ জুন ২০২৬

ব্রুকলিনে সিএমবিবিএ’র  ১৬তম পথমেলা অনুষ্ঠিত

ছবি - নবযুগ

গত ৬ জুন শনিবার ব্রুকলীনের ‘লিটল বাংলাদেশ’ অর্থাৎ চার্চ-ম্যাকডোনাল্ডের সুবিশাল রাস্তায় আয়োজন করা হয় সিএমবিবিএ’র ১৬ তম মেলা। ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনে সহযোগিতায় ছিলো বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক ইনক। বিগত বছরগুলোর মতো এবারও উদ্বোধনী পর্ব, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা, ক্রেস্ট বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠেছিল ‘সিএমবিবিএ’র ১৬তম পথমেলা’।

কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় মেলায় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ-কে আজীবন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। খবর ইউএনএ’র।
চমৎকার আবহাওয়া আর ছুটির দিন থাকায় শনিবার সকাল থেকেই হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর পদভারে মুখরিত হয়ে উঠল ‘লিটল বাংলাদেশ’-এর গোটা এলাকা। এ যেন দেশ ছেড়ে আসা মানুষগুলোর হারিয়ে যাওয়া শৈশবের বৈশাখী মেলা। মেলায় ছিলো শতাধিক স্টল। স্টলগুলোতে ছিলো বেচাকেনার ধুম। বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ মেলাকে দেয় কর্পোরেট মাত্রা। সেই সাথে দেশী স্টলগুলো এনে দেয় দেশীয় বাজার।
এবারের পথমেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল কাদের। ফিতা কেটে আর রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে পথমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের। এসময় সিএমবিবিএ ও মেলা কমিটির কর্মকর্তা সহ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। মেলার বিভিন্ন পর্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মূলধারার রাজনীতিক, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটির সভাপতি কাজী আজম ও ফ্রেন্ডসশীপ সোসাইটির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস ও প্রধান উপদেষ্টা ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য নাঈম টুটুল, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মঈনুল আলম বাপ্পি, মেলা কমিটির আহ্বায়ক মামুন উর রশিদ ও সদস্য সচিব আনোয়ারুল আজিম, চিফ কো-অর্ডিনেটর আবুল এইচ মহিউদ্দিন, কো-অর্ডিনেটর মেহেদী হাসান সাইমন সহ কমিউনিটির বিশিষ্টজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পথ মেলায় নার্গিস আহমেদ-এর হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী। সম্মাননা গ্রহণের পর তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আমি দীর্ঘ ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। এরমধ্যে ড্রামা সার্কল, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সংসদ, বাপাফ সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ৪০ বছর ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। বিশেষ করে ব্রুকলীনবাসীর ভোটেই আমি বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হই। তিনি ঐক্যবদ্ধ কমিউনিটির উপর গুরুত্বারোপ করেন এবং ভালো মানুষদের উৎসাহীত করার পাশাপাশি সততার সাথে মানব সেবায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজকে আমার স্বীকৃতি শুধু আমার একার নয়, সবার। আমি ব্রুকলীনবাসীর প্রতি কৃতজ্ঞ।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেব ও বিন্দু কনা, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নাসির সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
পথমেলার মূল মঞ্চে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীত আর সাংবাদিকদের উপস্থিতিতে রাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হয় সিএমবিবিএ’র পথমেলা-২০২৬ এর আনুষ্ঠানিকতা। র‌্যাফল ড্র’র প্রথম পুরষ্কার ছিলো একটি নতুন গাড়ী।
 

শেয়ার করুন: