ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহায়ক মোহাম্মদ সেবুল মিয়া-কে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরী-কে সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি গঠনের কথা জানিয়েছে।
শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম।
কেন্দ্রীয় যুবলীগের বার্তায় বলা হয়েছে: ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এবং একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য মোহাম্মদ সেবুল মিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
উক্ত কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।

















