ছবি: সংগৃহীত
ওহাইও’র এক নারী বিভিন্ন অঙ্গরাজ্যে হোম ডিপোর আউটলেটগুলোতে ১,৭০০ বারেরও বেশি ভুয়া ‘রিটার্ন’ (পণ্য ফেরত) দেখিয়ে ২৬৬,৬৯৯ ডলার হাতিয়ে নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তাকে কারাগারে ঠাঁই নিতে হয়েছে।
মেডিনা টাউনশিপ পুলিশ বিভাগ আন্তঃরাজ্য সংগঠিত এই খুচরা বিক্রেতা জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে দক্ষিণ-পশ্চিম ওহাইও’র পিবলস গ্রামের বাসিন্দা ট্রেসি এ. জেমসকে শনাক্ত করেছে।
ক্লিভল্যান্ড ১৯ নিউজ-এর বরাতে পুলিশ জানায়, তদন্ত অনুযায়ী জেমস গত কয়েক বছর ধরে ভুয়া ড্রাইভিং লাইসেন্স এবং ছদ্মনাম ব্যবহার করে ভুয়া পণ্য রিটার্নের মাধ্যমে স্টোর ক্রেডিট (পণ্য ফেরতের বিনিময়ে প্রাপ্ত অর্থ) জমা করতেন।
তদন্তকারীরা জানান, জেমস প্রতারণার মাধ্যমে পাওয়া ওই স্টোর ক্রেডিট ব্যবহার করে দোকান থেকে নতুন মালামাল কিনতেন, পরে সেগুলো অনলাইনের মাধ্যমে পুনরায় বিক্রি করে দিতেন।
জেমসের বিরুদ্ধে টেলিযোগাযোগ জালিয়াতির অভিযোগে মেডিনা কাউন্টি প্রসিকিউটর অফিস মামলা করে, যা দ্বিতীয় পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারি তিনি আদালতে অপরাধ স্বীকার করেন। মেডিনা কাউন্টি কোর্ট অফ কমন প্লিজ জেমসকে পাঁচ বছরের জন্য কমিউনিটি কন্ট্রোল সুপারভিশন (নজরদারি), ১৮০ দিনের জেল এবং ১০০ ঘণ্টার সামাজিক সেবামূলক কাজের সাজা প্রদান করেছে।
সাজার পাশাপাশি জেমসকে হোম ডিপো কর্তৃপক্ষকে সম্পূর্ণ ২৬৬,৬৯৯ ডলার ক্ষতিপূরণ হিসেবে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

















