ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য দারুণ এক স্বস্তির খবর। এই নগরীতে বন্দুকবাজি রেকর্ড হারে কমেছে। গোলাগুলি যেমন কমেছে, একইভাবে কমেছে এর শিকারের সংখ্যাও। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এই তথ্য জানিয়েছে।
পুলিশ কমিশনার জেসিকা টিশ এর জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়োগকে কৃতিত্ব দিয়েছেন। তিনি ডেস্কের কাজ থেকে সরিয়ে স্পটে মোতায়েন করেছিলেন পুলিশ সদস্যদের। বিশেষ করে যেসব ‘সামার জোনে’ বেশি বন্দুকবাজি হয়, সেখানে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশ সদস্য মোতায়েন করেছিলেন। এর সুফল পাওয়া গেছে হাতেনাতে।
তিনি বলেন, ‘গত মে মাসে প্রায় ৬০টি কমিউনিটির ৭২টি সামার জোনে প্রায় ২,৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। নিউ ইয়র্ক পুলিশের ইতিহাসে এটিই এ ধরনের মোতায়েনের সর্বোচ্চ রেকর্ড।’
তিনি বলেন, ‘তবে আকারটি বড় কথা নয়। বরং যে কৌশলে তাদের মোতায়েন করা হয়েছিল, সেটাই বড় বিষয।’
জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের যে হিসাব পাওয়া গেছে, তাতে দেখা যায়, সাবওয়ে ক্রাইমও বেশ কমেছে। পুলিশ কমিশনার বলেন, কোভিডের বছরগুলোর পর এই কোয়ার্টারেই আমাদের ট্রানজিট ছিল সবচেয়ে নিরাপদ। তিনি বলেন, সাবওয়েতে এ সময় অপরাধ কমেছে ১৪ শতাংশ।
পুলিশের পরিসংখ্যানে দেখা যায়, আগের বছরের তুলনায় এবারের সেপ্টেম্বরে বড় ধরনের অপরাদ ২৭ শতাংশ কমেছে।
তবে বড় অপরাধের মধ্যে কেবল ধর্ষণই এই কোয়ার্টারে বেড়েছে। আগের বছরের সেপ্টেম্বর এবং গত মাসের তুলনায় গত মাসে ধর্ষণ বেড়েছে যথাক্রমে ১৩ শতাংশ ও ১৯ শতাংশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তবে ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনার কারণেই ধর্ষণ সংখ্যা বেড়েছে বলে নথিপত্রে দেখা গেছে।
পুলিশের তথ্যে দেখা গেছে, চলতি বছর এ পর্যন্ত গোলাগুলি হয়েছে ৫৫৩টি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সংখ্যাটি ছিল ৬৯৩। চলতি বছরের থার্ড কোয়ার্টারে গোলাগুলি হয়েছে ২১৬টি। এটি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বনি¤œ।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, বন্দুকবাজি কমার এই হার অব্যাহত থাকবে, নিউ ইয়র্কবাসী আরো বেশি সুরক্ষিত থাকবে।

















