ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পুরস্কার হিসেবে ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার জিতেছে। তবে সেই অর্থের একটি বড় অংশ, যা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল করের আওতায় পড়তে যাচ্ছে।
টেনেসির রিপাবলিকান প্রতিনিধি ট্রিম বারচেট ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ‘আমি মনে করি এটা এক ধরনের চিটিং বা ডাকাতি।’
তিনি আরো যোগ করেন, ‘বিষয়টি আমার পছন্দ নয়, তবে আমেরিকানদেরও এটি করতে হয়। আমেরিকার পেশাদার অ্যাথলেটরা এই কর দেন, তাই এখানে খেলার জন্য আসার সময়ই তারা বিষয়টি জানতেন।’
যুক্তরাষ্ট্রের ভূখ-ে কোনো কাজ করে অর্জিত আয় সাধারণত প্রায় সব ক্ষেত্রেই দেশটির রাজস্ব বিভাগ ‘আইআরএস’-এর করযোগ্য। মার্কিন কর আইন অনুযায়ী, অনাবাসিক বিদেশি অ্যাথলেটদের দেওয়া নির্দিষ্ট কিছু অর্থপ্রদানের ওপর সাধারণত ৩০% হারে ফেডারেল কর কাটার বিধান রয়েছে, যদি না কোনো কর চুক্তি বা বিশেষ ছাড়ের মাধ্যমে এটি কমানো হয়।
স্পেনের এই পুরস্কারের ওপর উচ্চ কর হারের বিষয়ে ইলিনয়ের ডেমোক্রেটিক প্রতিনিধি জোনাথন জ্যাকসন বলেন, ‘এটি একেবারেই অনুচিত, এবং এই ঘটনাটি আরো বড় একটি সমস্যাকে সামনে নিয়ে আসছে।’
বারচেট আরো বলেন, ‘আমি আইআরএস-এর ভক্ত নই। আমার ধারণা, তারা যেহেতু এই টাকাটা এখানেই আয় করেছে [তাই কর দেওয়া হচ্ছে], কিন্তু বিষয়টি আমার একদমই পছন্দ নয়। আমরা চাই এরা এখানে আসুক এবং টাকা খরচ করুক, আর তার বদলে আমরা তাদের আয়ের একটি বিশাল অংশই কেটে রেখে দিচ্ছি।’

















