ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলে উদ্বোধনী অনুষ্ঠান।
মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি। এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।
ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান। এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন। অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে শাকিরা। বিশ্বকাপের থিম সং দাই দাই গেয়ে পুরো স্টেডিয়ামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

















