ছবি: সংগৃহীত
ম্যানহাটানের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃত ‘হেল্মসলি বিল্ডিং’ তার স্থাপত্যশৈলী, চোখ ধাঁধানো নৈশ আলোকসজ্জা এবং বিশ্ববিখ্যাত অভিজাত স্টেকহাউস ‘ববি ভ্যানস’-এর ঠিকানা হিসেবে পরিচিত।
আর এখন, এই বহুতল ভবনটি মাত্র ৬৭ কোটি (৬৭০ মিলিয়ন) ডলারে বিক্রি করার তোড়জোড় চলছে। অথচ কমার্শিয়াল অবজার্ভার-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে যখন এটি সর্বশেষ হাতবদল হয়েছিল, তখন এর বিক্রয়মূল্য ছিল ১.২০ বিলিয়ন (১২০ কোটি) ডলার।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘আরএক্সআর’ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত এ সম্পত্তিটি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছে। ভবনটির বিপরীতে নেওয়া একটি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ বা খেলাপি হওয়ার প্রায় দুই বছর পর তারা এই সিদ্ধান্ত নিল। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, ভবনটির বর্তমান বিক্রয়মূল্য এর মোট ঋণের পরিমাণের সমান বা সামান্য কিছু বেশি, যা প্রতি বর্গফুটে প্রায় ৪৮১ ডলারের সমান।
সিইও স্কট রেখলারের নেতৃত্বাধীন আরএক্সআর ২০২৩ সালের শেষের দিকে এই ভবনের বিপরীতে নেওয়া ৬৭ কোটি ডলারের একটি বাণিজ্যিক বন্ধকী সিকিউরিটিজ ঋণ পরিশোধে খেলাপি হয়েছিল। এরপর ঋণটির ‘আসন্ন মেয়াদোত্তীর্ণ খেলাপির’ কারণে এটি স্পেশাল সার্ভিসিং (বিশেষ ঋণ তদারকি প্রক্রিয়া)-এর অধীনে চলে যায়।
নিউমার্কের একটি দল, যার মধ্যে রয়েছেন অ্যাডাম স্পাইস, অ্যাডাম ডোনেগার, জশ কিং, মার্সেল্লা ফাসুলো এবং এভারি সিলভারস্টেইন, এই ৩৫ তলা বিশিষ্ট ভবনটির বিপণন (মার্কেটিং) করছেন। বর্তমানে ভবনটির মাত্র ৪৬% অংশ ভাড়া দেওয়া রয়েছে। অফিস খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ‘এসএল গ্রিন’-এর একটি অংশ ‘গ্রিন লোন সার্ভিসেস’ বর্তমানে এই সম্পত্তির বিশেষ ঋণ তদারককারী (স্পেশাল সার্ভিসার) হিসেবে কাজ করছে।

















