ছবি: সংগৃহীত
নগর কর্তৃপক্ষ হঠাৎ করেই বিচারাধীন চারটি মামলায় করদাতাদের অর্থে পরিচালিত আইনি প্রতিরক্ষা সুবিধা বন্ধ করায় এনওয়াইপিডির সাবেক চিফ অফ ডিপার্টমেন্ট জেফ্রি ম্যাড্রে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে আদালতে গিয়েছেন।
ম্যাড্রের আইনজীবী মঙ্গলবার নগরীর বিরুদ্ধে মামলা দায়ের করে যুক্তি দেখিয়েছেন, আইনি বিলের টাকা বন্ধ করার জন্য ল ডিপার্টমেন্টের সিদ্ধান্তটি ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, বাজেট কমানোর অজুহাতে একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অযৌক্তিকতা।’
নগর কর্তৃপক্ষ দাবি করছে, নতুন ‘প্রাপ্ত প্রমাণ’ থেকে দেখা যাচ্ছে যে ম্যাড্রে নগরীর অর্থে আইনি প্রতিরক্ষা পাওয়ার যোগ্য নন। তবে তার আইনজীবী জানিয়েছেন, তারা এখনো সেই প্রমাণের কোনো কপি দেখেননি।
তৎকালীন মেয়র এরিক অ্যাডামসের অধীনে নগর কর্তৃপক্ষ ২০২৪ সালে ম্যাড্রের বিরুদ্ধে দায়ের করা চারটি দেওয়ানি মামলায় তার আইনি খরচের দায়িত্ব নিতে সম্মত হয়েছিল। নগরী কর্তৃপক্ষ শুরুতে ম্যাড্রের প্রতিরক্ষার জন্য উইলসন এলসার নামক ল ফার্মকে নিয়োগ করেছিল। ওই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে যে, ম্যাড্রে প্রতিহিংসামূলক আচরণ, কর্মক্ষেত্রে বৈষম্য এবং অ্যাডামসের আরেক সহযোগী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা টিমোথি পিয়ারসনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ ধামাচাপা দেওয়ার কাজে জড়িত ছিলেন।
সাবেক এই পুলিশ কর্মকর্তার মামলার দাবি অনুযায়ী, দুই বছর ধরে আইনি প্রতিরক্ষা খরচ দেওয়ার পর, ‘কয়েক বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির কবলে পড়ে’ নগর কর্তৃপক্ষ হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে এবং জানায় যে ম্যাড্রে আর বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য নন।
আদালতে দাখিল করা মার্চের একটি চিঠি অনুযায়ী, মেয়র জোহরান মামদানির নতুন কর্পোরেশন কাউন্সেল স্টিভেন ব্যাংকস, যিনি ল ডিপার্টমেন্টের প্রধান, দাবি করেছেন যে, তদন্তকারীরা ‘প্রমাণ পেয়েছেন’ যে ম্যাড্রে এনওয়াইপিডির নিয়ম লঙ্ঘন করেছেন এবং করদাতাদের টাকায় আইনি সুবিধা পাওয়ার যোগ্য কি না তা যাচাই করার জন্য আয়োজিত সাক্ষাৎকারে মিথ্যা বলেছেন।
ল ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘কর্পোরেশন কাউন্সেল তার সিদ্ধান্তে অটল আছেন। আমরা আইনি নথিপত্র দাখিলের প্রেক্ষাপটে যথাযথ জবাব দেব।’

















