ছবি: সংগৃহীত
নিউইয়র্কের লং আইল্যান্ডে দুই নারীকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত ২২ বছর বয়সী এল সালভাদরের এক অবৈধ অভিবাসী রনি ইয়াহির আলভারেঙ্গা রিভেরার বিরুদ্ধে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রসিকিউটরদের মতে, রিভেরা তার ওপরতলার প্রতিবেশী এডি রাকেল হার্নান্দেজ কাস্টিলোকে ৫০ বার ছুরিকাঘাত করে হত্যা করেন।
এর কারণ হিসেবে তিনি জানান, প্রতিবেশী নারীর হাই হিল জুতার শব্দ এবং ফোনে উচ্চস্বরে কথা বলায় তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। গত ৩০ এপ্রিল এই ঘটনার পর রিভেরা নিজের পোশাক রক্তে ভেজা অবস্থায় গ্রেফতার হন।
ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিভেরা ২০১৬ সালে ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। পুলিশের কাছে দেওয়া পূর্ণাঙ্গ জবানবন্দিতে তিনি জানান, প্রথম খুনের পরপরই তিনি জানতেন যে তিনি ধরা পড়ে যাবেন, তাই তিনি আরেকটি হত্যাকা-ের পরিকল্পনা করেন। ঘটনার পরের দিন অর্থাৎ ১ মে মধ্যরাতের পর রিভেরা তার কর্মস্থল লিনব্রুকের ওয়েন্ডিস রেস্তোরাঁয় গিয়ে ডাম্পস্টারের পাশে ওঁত পেতে থাকেন। সেখানে তিনি তার সহকর্মী তিন সন্তানের মা ৪২ বছর বয়সী আনা মারিয়া ডি আগুইলা কর্ডোভাকে ময়লা ফেলার সময় অতর্কিতে আক্রমণ করেন এবং ৩০ বারের বেশি ছুরিকাঘাত করে হত্যা করেন। এই সহকর্মীর সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ ছিল এবং তিনি নিজেকে অপমানিত বোধ করছিলেন বলে জানা গেছে।
হত্যাকা-ের পরদিন রাত ৩টার দিকে রিভেরা নিজেই পুলিশকে ফোন করে হত্যার কথা জানান। মঙ্গলবার মিনোলা আদালতে রিভেরার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন এবং আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

















