ছবি: সংগৃহীত
ফ্লোরিডার টেম্পা সিটির উদ্যোগে গত ২৮ মার্চ কার্টিস হিক্সন ওয়াটারফ্রন্ট পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাৎসরিক “এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার কালচারাল ফেস্টিভ্যাল”। দিনব্যাপী এ আয়োজনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে, যা বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে “ইন্টার কালচারাল পারফর্মিং আর্টস অ্যান্ড হেরিটেজ” (আই.পি.এ.এইচ)-এর শিল্পীবৃন্দ। সঙ্গীতে অংশ গ্রহণ করেন, শফিকুল ইসলাম, তানজিন আখতার, অজেয় অর্ক, অনন্ত প্রত্যয়, নাসির উদ্দিন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং অদিতি দত্ত। নৃত্যে অংশগ্রহণ করেন নিশাত লায়লা লাবিবা এবং সাবরিনা হাসান। বাংলাদেশের পক্ষে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অরিজিৎ ঘোস এবং তত্ত্বাবধানে ছিলেন ইসরাত জাহান মিতা।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। এই বিশাল আয়োজনে প্রায় ৯০টির মতো বিভিন্ন ধরনের স্টল মেলার সামগ্রিক আয়োজনকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলে।
উৎসবে আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার এবং উপভোগ করেন নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, বহুসাংস্কৃতিক এই উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতির আদান-প্রদানের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

















