শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সচেতনতামূলক  প্রচারণার ঘোষণা 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৬, ২৭ মার্চ ২০২৬

সচেতনতামূলক  প্রচারণার ঘোষণা 

ছবি: সংগৃহীত

গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন, সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষে মদ্যপ, নেশাগ্রস্ত এবং বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে নিউ ইয়র্ক স্টেট পুলিশ এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার টহল বাড়ানো হবে। বার্ষিক এই ট্রাফিক নিরাপত্তা এনফোর্সমেন্ট কার্যক্রম সোমবার, ৯ মার্চ থেকে শুরু হয়ে মঙ্গলবার, ১৭ মার্চ পর্যন্ত চলবে।

গভর্নর হোচুল বলেন, ‘গভর্নর হিসেবে আমাদের রাজ্যকে সবার জন্য নিরাপদ করার প্রতিশ্রুতির চেয়ে বড় কোনো অঙ্গীকার আমার নেই। নিউ ইয়র্কবাসীদের নিরাপদ রাখতে আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের নিষ্ঠার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রাইড শেয়ারিং সার্ভিস, ট্যাক্সি এবং ‘হ্যাভ এ প্ল্যান’-এর মতো প্রযুক্তির এই যুগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো পুরোপুরিভাবে রোধ করা সম্ভব। মদ্যপ, নেশাগ্রস্ত বা বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের নীতি হলো ‘জিরো টলারেন্স।’ কারণ এসবই আমাদের রাস্তাকে অনিরাপদ করে তোলে। আমরা সড়ক থেকে দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক চালকদের সরিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাব।’
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস কমিশনার এবং গভর্নরের ট্রাফিক সেফটি কমিটির চেয়ারম্যান মার্ক জে.এফ. শ্রোডার বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। আপনি কেবল নিজেকে এবং অন্যদের বিপদেই ফেলছেন না, বরং আপনি গ্রেফতার হওয়া, ড্রাইভিং লাইসেন্স হারানো এবং চড়া আইনি খরচের ঝুঁঁকিও নিচ্ছেন। নিরাপদে বাড়ি ফেরার পরিকল্পনা জীবন বাঁচায়। বিষয়টি সহজ, বাড়ি ফেরার জন্য একজন সুস্থ (মদ্যপ নয় এমন) চালক নির্ধারণ করে রাখুন।’
নিউ ইয়র্ক স্টেট পুলিশ সুপারিনটেনডেন্ট স্টিভেন জি. জেমস বলেন, ‘স্টেট পুলিশ এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো বরাবরের মতোই সতর্ক থাকবে এবং এই সেন্ট প্যাট্রিক’স ডে-তে রাজ্যজুড়ে মদ্যপ চালকদের শনাক্ত করবে। গাড়ি চালানো একটি বিশেষ সুযোগ, কোনো অধিকার নয়। আমাদের লক্ষ্য হলো যাতে মানুষ মদ্যপান করে স্টিয়ারিং ধরার আগে দুইবার ভাবে। নিউ ইয়র্কের রাস্তাকে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাখতে আমরা মানুষকে আগাম পরিকল্পনা করার কথা মনে করিয়ে দেব এবং সচেতন করব।’
গভর্নরের ট্রাফিক সেফটি কমিটি এই বার্ষিক কার্যক্রমের অর্থায়ন করে থাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধে চেকপয়েন্ট বসানোর পাশাপাশি, আইন প্রয়োগকারী কর্মকর্তারা অতিরিক্ত টহল দেবেন যাতে অতিরিক্ত গতি, অন্যমনস্ক চালক এবং রাজ্যের ‘মুভ ওভার ল’ লঙ্ঘনকারীদের শনাক্ত করা যায়। এছাড়াও নিউ ইয়র্ক স্টেট পুলিশ এই প্রচারণা চলাকালীন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালাবে যাতে অপ্রাপ্তবয়স্কদের মদ্যপান এবং তাদের কাছে অবৈধভাবে মদ বিক্রি বন্ধ করা যায়।
গত বছরের সেন্ট প্যাট্রিক’স ডে এনফোর্সমেন্ট অভিযানে রাজ্যজুড়ে কর্মকর্তারা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ১,২২৪ জনকে গ্রেফতার করেছিলেন এবং অতিরিক্ত গতির জন্য ১০,৩১৪টিসহ মোট ৫৫,৬৬১টি মামলা দিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রায় ১২,০০০ মানুষ প্রাণ হারায়। প্রতি ৪৫ মিনিটে একজন ব্যক্তি অ্যালকোহল-সংক্রান্ত দুর্ঘটনায় মারা যান, অর্থাৎ দিনে গড়ে ৩২ জন, যাদের প্রতিটি মৃত্যুই রোধ করা সম্ভব ছিল।
 

শেয়ার করুন: