শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাজনীতির সেইফটি ইকুইপমেন্ট  হেলমেট ও লাঠি

 ॥ হাবিব রহমান ॥

প্রকাশিত: ১৫:৩২, ৭ আগস্ট ২০২৬

রাজনীতির সেইফটি ইকুইপমেন্ট  হেলমেট ও লাঠি

ছবি: সংগৃহীত

আমার নাম হেলমেট। পেশা: রাজনীতি।  
আগে ছিলাম বাইকারদের মাথায়। এখন আমার আসল কাজ রাজপথে।
আওয়ামী লীগের আমলে আমার বড় কদর ছিলো।  
ছাত্রলীগের ভাইয়েরা আমারে মাথায় দিয়া লাঠি হাতে নামতো।  
তারপর সরকার পড়ে গেলো। আমি ভাবলাম এবার বোধহয় রিটায়ার্ড।  
বাইকের দোকানে ফেরত যাবো।
কিন্তু না!  

নতুন সরকার আসলো। বিএনপি,যুবদল,ছাত্রদল।
নতুন দল,নতুন পাঞ্জাবি, নতুন স্লোগান, নতুন নেতা।  
আর আমি? আমি আবার অফিসে জয়েন করলাম।
আমার ইউনিফর্ম একই। কখনো ছাত্রদল,কখনো যূবদলের মাথায় আমি, সাথে আমার বন্ধু লাঠি।  
শুধু গায়ের রঙের পাঞ্জাবিটা পাল্টায়। লাঠির বাড়িটা পাল্টায় না।
আমাকে দেখে মানুষ এখন ভয় পায় না, অভ্যস্ত হয়ে গেছে।  কারণ দলের নাম বদলায়, কিন্তু “হেলমেট-লাঠি তত্ত্ব” বদলায় না।
আমার স্বপ্ন ছিলো একদিন আমি মানুষের মাথা বাঁচাবো।  এখন আমি মানুষের মাথা ফাটানোর “সেফটি ইকুইপমেন্ট”।
আমি হেলমেট। আমার কোনো দল নাই।  আমার একটাই দল — “ক্ষমতা”।  যে দলই ক্ষমতায় যায়, আমি তার মাথায় উঠে যাই।
আর আমার বন্ধু লাঠি? ও তো আরও সিনিয়র।  
ও বলে-ভাই, আমরা তো শুধু টুলস। ইউজাররা একই থাকে।
আমার পুরোনো বন্ধু লাঠির সঙ্গে প্রায়ই দেখা সাক্ষাত হয়।সে বলে,— দোস্ত, আমাদের চাকরি একদম নিরাপদ। নির্বাচন আসে যায়, কিন্তু আমাদের ওভারটাইম কমে না।
আমি বলি-আগে তোকে ধরত এক দল, এখন আরেক দল।
লাঠি হেসে উত্তর দেয়-মালিক বদলেছে, কাজ তো একই!
আমরা দু’জনই এখন অভিজ্ঞ।
কার হাতে থাকি, সেটা নিয়ে আর মাথা ঘামাই না। কারণ জানি, ক্ষমতার করিডোরে ঢুকলেই সবাই আমাদের খুব আদর করে।শুধু মাঝে মাঝে খুব কষ্ট হয়, যখন দেখি সাধারণ মানুষ দূর থেকে আমাদের দেখে রাস্তা বদলে ফেলে।আমাদের দেখলে তাদের মনে নিরাপত্তা নয়, আতঙ্ক জাগে।তখন মনে হয়, দোষটা কি আমাদের?
আমি তো মাথা বাঁচানোর জন্য তৈরি হয়েছিলাম। লাঠিও একসময় ছিল কৃষকের ভরসা, রাখালের সঙ্গী, বৃদ্ধের চলার অবলম্বন।আমাদের কপালে কে যে এই নতুন পেশা লিখে দিল!
বাংলাদেশের জনগনের কাছে আমরা দুজনের  একটা অনুরোধ—যেদিন বাংলাদেশের রাজনীতিতে হেলমেটের দরকার হবে শুধু মোটরসাইকেল চালানোর জন্য, আর লাঠির দরকার হবে শুধু বৃদ্ধ মানুষের ভরসা বা কৃষকের মাঠে—সেদিন আমাদের জাদুঘরে রেখে দিও।আমার গায়ে একটা ছোট্ট ফলক লিখে দিও—এই হেলমেট এক সময় মানুষের মাথা নয়, গণতন্ত্রের মাথাব্যথার প্রতীক ছিল।
আর পাশে আমার বন্ধু লাঠির জন্য লিখবে—দল বদলেছে বহুবার, কিন্তু এ-ই ছিল সবচেয়ে স্থায়ী রাজনৈতিক কর্মী।
নিউইয়র্ক, ০৬ আগস্ট,২০২৬ সাল।
 

শেয়ার করুন: