শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সড়ক দুর্ঘটনা

লস অ্যাঞ্জেলেসে  বাংলাদেশির মৃত্যু

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ১৭ জুলাই ২০২৬

লস অ্যাঞ্জেলেসে  বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত বুধবার (৮ জুলাই)  সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম বছর দেড়েক আগে মা, বাবা ও ভাইয়ের সাথে যুক্তরাষ্ট্রে আসেন। তাদের বাড়ি ঢাকার জিগাতলায়।
ফাহিম গত কোরবানির ঈদের সময় দেশে গিয়ে বিয়ে করেন। লস অ্যাঞ্জেলেসে ফিরেই স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তিনি অভিবাসন দপ্তরে আবেদন করেছেন। এর মধ্যেই দুর্ঘটনায় প্রাণই হারালেন এ তরুণ।
সিসিটিভির ভিডিও দেখে লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি সড়ক থেকে ছিটকে লাইট পোলে আঘাত করে, এতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দুই গাড়ির চালকরাও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাহিমের ছোট ভাই মির্জা তামিম জানান, ফাহিমের মরদেহ আজ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই জানাজা ও দাফনের কর্মসূচি সম্পর্কে জানানো হবে।
দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং পুলিশও এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান মির্জা তামিম।
 

শেয়ার করুন: