ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক রাজ্যজুড়ে যানবাহনের বিমা রেট কমানোর এবং বিমার ভুয়া দাবি বা জালিয়াতি মোকাবিলায় তার প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন। গভর্নর জালিয়াতি রুখতে, অসাধু চক্রের পকেটে যাওয়া অর্থের পরিমাণ সীমিত করতে এবং বিমা কোম্পানি নয় বরং সাধারণ গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছেন। এই প্রস্তাবগুলো নিউইয়র্ক রাজ্যকে আরো সাশ্রয়ী করার এবং কঠোর পরিশ্রমী নাগরিকদের পকেটে অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য গভর্নর হোকুলের চলমান প্রচেষ্টারই অংশ।
গভর্নর হোকুল বলেন, ‘নিউইয়র্কবাসী খুব ভালো করেই জানেন যে গাড়ির বিমার খরচ এখন নাগালের বাইরে চলে গেছে। অথচ কাজ বা দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের জন্য বেশির ভাগ মানুষের কাছে একটি গাড়ি থাকা অপরিহার্য। এই বাস্তবসম্মত প্রস্তাবগুলো কেবল বিমার খরচ বাড়িয়ে দেওয়া জালিয়াতিগুলোই বন্ধ করবে না, বরং সাধারণ মানুষের পকেটে অর্থ সাশ্রয় করে তাদের কিছুটা স্বস্তি দেবে।’
নিউইয়র্কবাসীরা বর্তমানে যুক্তরাষ্ট্রে গাড়ির বিমার জন্য সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম অর্থ প্রদান করেন, যার পরিমাণ বছরে গড়ে ৪,০০০ ডলারের বেশি, যা জাতীয় গড়ের চেয়ে প্রায় ১,৫০০ ডলার বেশি। জালিয়াতি, মামলা-মোকদ্দমা, আইনি ফাঁকফোকর এবং তদারকির অভাবের কারণে বিমার হার বাড়ে। কিছু হিসাব অনুযায়ী, সাজানো দুর্ঘটনা এবং সংশ্লিষ্ট বিমা জালিয়াতির কারণে প্রত্যেক গ্রাহকের প্রিমিয়াম বছরে গড়ে প্রায় ৩০০ ডলার পর্যন্ত বেড়ে যায়।
সাধারণ মানুষের বিমা রেট কমাতে জালিয়াতি দমন
বর্তমানে অত্যন্ত চতুর অপরাধী চক্রগুলো সুপরিকল্পিতভাবে সাজানো দুর্ঘটনা ঘটাচ্ছে, যাতে বিমা কোম্পানি বা আদালতের রায় থেকে বিশাল অংকের অর্থ হাতিয়ে নেওয়া যায়। ২০২৩ সালে নিউ ইয়র্ক স্টেটে ১,৭২৯টি সাজানো দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা এই ধরণের জালিয়াতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে বিমা সংস্থাগুলো নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর কাছে ৪৩,৮১১টি সন্দেহভাজন মোটরযান বিমা জালিয়াতির ঘটনার রিপোর্ট করেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২৪,২৩৮টি, অর্থাৎ গত পাঁচ বছরে জালিয়াতির ঘটনা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সংগঠিত এই অপরাধমূলক কর্মকা- রুখতে গভর্নর হোকুল পুরো প্রশাসনকে কাজে লাগিয়ে কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছেন, যার মধ্যে রয়েছে :
তদন্ত জোরদার : রাজ্যের ‘মোটর ভেহিকল থেফট অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্রড প্রিভেনশন বোর্ড’-কে পুনরুজ্জীবিত করা, যাতে তারা জালিয়াতি তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
কঠোর আইন : সাজানো দুর্ঘটনার জন্য কেবল চালক নয়, বরং এর পেছনে মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও যাতে প্রসিকিউটররা কঠোর ফৌজদারি শাস্তি নিশ্চিত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন।
জেলা অ্যাটর্নিদের সাথে অংশীদারিত্ব : নিউ ইয়র্কের জেলা অ্যাটর্নিদের সাথে মিলে এমন শক্তিশালী মামলা তৈরি করা যা সংগঠিত জালিয়াতি চক্রের অবসান ঘটাবে।
চিকিৎসা খাতের জালিয়াতি রোধ : যেসব চিকিৎসা সেবাদাতা ভুয়া রোগ নির্ণয়ের মাধ্যমে বিশাল অংকের বিমার অর্থ ছাড় করতে সহায়তা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
অবৈধ রেজিস্ট্রেশন বন্ধ : অনেক চালক নিউ ইয়র্কে বাস করেও অবৈধভাবে অন্য রাজ্যে গাড়ি রেজিস্ট্রি করেন, যা আইন মেনে চলা নিউইয়র্কবাসীদের বিমা খরচ বাড়িয়ে দেয়। এই ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

















