ছবি: সংগৃহীত
নিউইয়র্কে তুষারঝড়-পরবর্তী এক বিশাল ‘তুষারযুদ্ধ’ চলাকালীন পুলিশ কর্মকর্তাদের ওপর বরফ ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে মেয়র জোহরান মামদানি এবং তার নিজের পুলিশ বিভাগের মধ্যে এক শীতল বিরোধের সৃষ্টি হয়েছে।
ওয়াশিংটন স্কয়ার পার্কে ঘটে যাওয়া এই হট্টগোলকে মেয়র মামদানি স্রেফ ‘তরুণদের আনন্দ-ফুর্তি’ হিসেবে হালকাভাবে দেখছেন। তবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং এর প্রধান জেসিকা টিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটরদের আয়োজিত সোমবারের সেই অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে তুষার ও বরফ খ- ছোড়ার অভিযোগে এনওয়াইপিডি চার ব্যক্তিকে খুঁজছে। পুলিশের দাবি, ওই হামলায় কর্মকর্তারা আহত হয়েছেন।
অন্যদিকে, মেয়র মামদানি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে নন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে এটি একটি তুষারযুদ্ধ ছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিষয়টিকে সেভাবেই দেখা উচিত।’
পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনাকে ‘লজ্জাজনক’ এবং ‘অপরাধমূলক’ বলে নিন্দা জানিয়েছেন। টহল পুলিশদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এই ঘটনাটিকে পুঁজি করে দাবি করেছে যে, নতুন মেয়রের অধীনে পুলিশের প্রতি সম্মান কমেছে। ‘পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি কেবল তুষারযুদ্ধ ছিল না, এটি ছিল পুলিশের ওপর হামলা।’
মেয়র মামদানি অতীতে পুলিশ বিভাগের কড়া সমালোচনা করায় আগে থেকেই সব মহলের তীক্ষè নজরদারিতে ছিলেন। এখন এই ‘তুষারযুদ্ধ’ তার জন্য বড় কোনো রাজনৈতিক মাথাব্যথার কারণ হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
উত্তর-পূর্বাঞ্চলে বিশাল তুষারপাতের পর সোমবার ওয়াশিংটন স্কয়ার পার্কে বেশ ভিড় জমেছিল। নগরীর এই অন্যতম ল্যান্ডমার্ক পার্কে তরুণদের তুষার ছোড়াছুড়িতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক অভিভাবকই জানেন, তুষারযুদ্ধের পরিণতি প্রায়ই কান্না বা হাতাহাতিতে গড়ায়। মানুষ অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়ে এবং সবাই মুখে বরফ মাখতে পছন্দ করে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পার্কে প্রবেশ করা দুজন কর্মকর্তার ওপর চারপাশ থেকে তুষারখ- ছুড়ে মারা হচ্ছে। তারা যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাদের শরীর বরফে ঢেকে যায়। কর্মকর্তারা অন্তত দুজনকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। এক কর্মকর্তার মুখ লাল হয়ে গিয়েছিল এবং তাকে চোখ ডলতে দেখা যায়। পার্কের বাইরে রাস্তায় থাকা অন্য কর্মকর্তাদের ওপরও বরফ ছোড়ার দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।

















