শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৬.২ বিলিয়ন ডলারের  ডিভোর্স মামলায় মোড়

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৫, ২৮ আগস্ট ২০২৬

৬.২ বিলিয়ন ডলারের  ডিভোর্স মামলায় মোড়

ছবি সংগৃহীত

নিউ জার্সির এক শতকোটিপতি ধনকুবেরের চলমান বিবাহবিচ্ছেদ মামলায় এক অদ্ভূত ঘটনা সামনে এসেছে। আদালতের নথি থেকে জানা যায়, ওই ধনকুবেরের কথিত প্রেমিকা ছিলেন তারই ছেলের ফেন্সিং (অসিচালনা) শিক্ষক। ওই প্রেমিকা একবার ধনকুবেরের স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে দাবি করেছিলেন যে, স্ত্রী তাকে সংসার ভাঙার জন্য দায়ী করে অপবাদ দিচ্ছেন।

নিউ জার্সির ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদের চুক্তি, যার পরিমাণ ৬.২ বিলিয়ন (৬২০ কোটি) ডলার। এটি পুরো যুক্তরাষ্ট্রের ইতিহাসেও সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের অন্যতম। সেই আলোচিত মামলাতেই প্রকাশিত হলো এই নতুন তথ্য।
রুটগার্স বিশ্ববিদ্যালয়ের সাবেক পুরস্কারপ্রাপ্ত ফেন্সার লরেন ফিলিপস (৪০) ২০২৪ সালের মামলায় অভিযোগ করেন, হেজ-ফান্ড বিশেষজ্ঞ জন ওভারডেকের (৫৬) হবু স্ত্রী লরা ওভারডেক (৫৬) তাকে প্রকাশ্যে স্বামীর ‘প্রেমিকা’ এবং তাদের সংসার ভাঙার কারণ হিসেবে অভিযুক্ত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ৩ সন্তানের জননী লরা ওভারডেক তার স্বামীকে পাঠানো একটি টেক্সট বার্তায় লরেন ফিলিপসকে ‘আসল ছুরি দিয়ে মানুষকে হুমকি দেওয়া এক অপরাধী’ হিসেবে আখ্যা দেন। মিলবার্নে একটি ফেন্সিং জিম পরিচালনাকারী ফিলিপস মামলায় উল্লেখ করেন, এই ধরনের অপপ্রচারের ফলে তার সুনাম এবং অ্যাকাডেমির ব্যবসায়িক ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত এ মামলাটি খারিজ করে দেয়।
ওভারডেক দম্পতির সন্তানদের একজন ফিলিপসের অ্যাকাডেমিতে দীর্ঘ ৫ বছর ফেন্সিং শিখেছে। ফিলিপস গত ২৪ বছর ধরে কোচিং করাচ্ছেন এবং তার অনেক ছাত্র অলিম্পিকেও অংশ নিয়েছে।
এদিকে জন এবং লরা ওভারডেক বর্তমানে নিউয়ার্কের ফ্যামিলি কোর্টে আইনি লড়াইয়ে লিপ্ত। লরা ওভারডেক তার স্বামীর বিশাল হেজ ফান্ড ‘টু সিগমা’-র শেয়ার থেকে ৬.২ বিলিয়ন ডলারের দাবি করছেন। এতে জয়ী হলে এটি বিল গেটস ও জেফ বেজোসের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় বৃহত্তম বিবাহবিচ্ছেদ হবে। সম্প্রতি ৬৩৩ মিলিয়ন (৬৩ কোটি ৩০ লাখ) ডলারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লরা ওভারডেক। অন্যদিকে জন ওভারডেক আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন যে, তার প্রস্তাবিত অর্থই লরার জন্য ‘যথেষ্ট ও ন্যায্য’।
 

শেয়ার করুন: