ছবি: সংগৃহীত
অতিরিক্ত ঋণ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় বাজির চরম বিপর্যয়ের পরও ‘এআই-এর নোস্ট্রাদামুস’ লিওপোল্ড আশেনব্রেনারের পাশে অবস্থান করছে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংকগুলো। মাত্র এক মাসে ৬৭% দর হারিয়ে তার ফান্ড ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস’-এর সম্পদ ৪৫ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ১০ বিলিয়ন ডলারে।
টিকে থাকতে সিটাডেলের কাছে পানির দামে শেয়ার বিক্রি করলেও ফান্ডটি পুরোপুরি বিলুপ্ত হয়নি; বরং চলতি বছরে এটি এখনো প্রায় ৮০% মুনাফায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি হেজ ফান্ডের তালিকায় অবস্থান ধরে রেখেছে।
জেপি মরগান, গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও মরগান স্ট্যানলির মতো প্রতিষ্ঠানগুলো এখনো তার সাথে প্রাইম ব্রোকারেজ সম্পর্ক ছিন্ন করেনি। এই আস্থার মূল কারণ, আইপিও-এর অপেক্ষায় থাকা এআই প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’-এ আশেনব্রেনারের ৫ বিলিয়ন ডলারের ব্যক্তিগত শেয়ার এবং ফান্ডের কড়া আইনি নিয়ম। এর ফলে ‘জেন স্ট্রাক্ট’-এর মতো বড় বিনিয়োগকারীরা হুট করে অর্থ তুলে নিতে পারছে না।
কলাম্বিয়া থেকে ১৯ বছর বয়সে স্নাতক করা ও ওপেনএআই-এর সাবেক এই কর্মী কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অতিরিক্ত ঋণ নিয়ে এআই বাজারে দ্রুত উত্থান ঘটিয়েছিলেন, যা ২০০৮ সালের ব্যাংক ধসের স্মৃতি মনে করিয়ে দেয়। তবে ওয়াল স্ট্রিটের ইতিহাস বলে, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্কের মতো জাঁদরেল বিনিয়োগকারীরাও একসময় বড় লোকসান খেয়েই সেরা ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হয়েছিলেন। তাই আপাতত চতুর বিনিয়োগকারীরা তরুণ আশেনব্রেনারকে হিসাবের বাইরে রাখছেন না।

















