শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রুকলিনে অস্ত্রধারীর  হামলা, এনওয়াইপিডির  কর্মকর্তা আহত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ৭ আগস্ট ২০২৬

ব্রুকলিনে অস্ত্রধারীর  হামলা, এনওয়াইপিডির  কর্মকর্তা আহত

ছবি: সংগৃহীত

পুলিশের দাবি, ঘটনার কয়েক মিনিট আগে অস্ত্রধারী এক ব্যক্তিকে ভিডিও ফুটেজে দেখা যায়। পরে তিনি একটি চিহ্নবিহীন পুলিশ গাড়ির কাছে গেলে কর্মকর্তারা তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় গুলির ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সন্দেহভাজনের গুলিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এনওয়াইপিডির বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, রোববার ভোর ৪টা ১৪ মিনিটের দিকে বোরোর নস্ট্র্যান্ড অ্যাভিনিউ ও সেন্ট জনস প্লেসের মোড়ের কাছে এ ঘটনা ঘটে। গুলি কর্মকর্তার বুলেটপ্রুফ ভেস্টে লাগায় তিনি প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পান। পরে তাকে কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হয়।
ওই ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ আনার প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র যোরান মামদানি এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ প্রাথমিক তথ্য তুলে ধরেন।
কমিশনার টিশ বলেন, ঘটনার সময় পরিস্থিতি এত দ্রুত তৈরি হয় যে কর্মকর্তাদের বডিক্যাম চালু ছিল না। পরে তিনজন কর্মকর্তা পাল্টা গুলি চালানোর পর বডিক্যাম চালু করা হয়। তবে তাদের ছোড়া গুলি সন্দেহভাজনকে আঘাত করেনি।
পুলিশের দাবি, ঘটনার কয়েক মিনিট আগে অস্ত্রধারী এক ব্যক্তিকে ভিডিও ফুটেজে দেখা যায়। পরে তিনি একটি চিহ্নবিহীন পুলিশ গাড়ির কাছে গেলে কর্মকর্তারা তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় গুলির ঘটনা ঘটে। পুলিশ গাড়িটির সামনের ও পেছনের উইন্ডশিল্ড এবং যাত্রীর পাশের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
পরে ধাওয়া করে রজার্স অ্যাভিনিউ ও ইউনিয়ন স্ট্রিট এলাকায় সন্দেহভাজনকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তিনি বাধা দিলে পুলিশ টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ কর্মকর্তা ডিটেকটিভ রবার্ট ক্যারলের পিঠে আঘাত লেগেছে। এছাড়া আরেকজন কর্মকর্তার মুখ ও কাঁধে আঘাতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ১৮ বছর বয়সী। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
 

শেয়ার করুন: