ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কজুড়ে ডেটা সেন্টার স্থাপনের ওপর গভর্নর ক্যাথি হোকুলের নেওয়া দেশের প্রথম নিষেধাজ্ঞা জারির পদক্ষেপকে তীব্রভাবে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিপুল লাভজনক খাত বা ‘ক্যাশ কাউ’ বন্ধ করার পেছনে রাজ্য ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক’ এজেন্ডা রয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘নিউ ইয়র্ক স্টেট একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। এই খাতের সমস্ত আয় এবং অন্যান্য সুযোগ-সুবিধা এখন রেড স্টেট (রিপাবলিকান শাসিত রাজ্য) এবং কিছু ব্লু স্টেটে (ডেমোক্র্যাট শাসিত রাজ্য) চলে যাবে। ওই রাজ্যগুলোতে ডেটা সেন্টারগুলোকে বিপুল আয়ের উৎস হিসেবে দেখা হয়, যেখানে করের হার কম এবং রেকর্ডসংখ্যক কর্মসংস্থান তৈরি হয়। তারা (ডেটা সেন্টারগুলো) তাদের নিজেদের পানি ও বিদ্যুতের খরচ নিজেরাই বহন করে, আর বাকি যা উদ্বৃত্ত থাকে তা রাজ্য ও স্থানীয় সম্প্রদায়ের কল্যাণে ফেরত আসে।’
ট্রাম্প আরো বলেন, ‘নিউ ইয়র্কের উচিত অবিলম্বে তাদের এই নীতি পরিবর্তন করা। কট্টর বামপন্থী ডেমোক্র্যাটদের কারণে আমরা যেন চীন এবং অন্যান্য দেশের কাছে ডেটা সেন্টার, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং এসব অবিশ্বাস্য নতুন প্রযুক্তির নিয়ন্ত্রণ না হারাই, তা নিশ্চিত করতে হবে!’
অন্যদিকে, নিজের নতুন নির্বাহী আদেশ সম্পর্কে গভর্নর হোকুল বলেন, ‘আমি চাই না নিউ ইয়র্ক শুধু সব কিছুতেই প্রথম হোক। আমি চাই নিউ ইয়র্ক সঠিক উপায়ে প্রথম হোক।’
নিউ ইয়র্ক সিটির শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারাও এই বিষয়ে সুর মিলিয়েছেন।
কাউন্সিলের মাইনোরিটি লিডার ডেভিড কার (স্ট্যাটেন আইল্যান্ড) বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শতভাগ ঠিক বলেছেন।’

















