ছবি: সংগৃহীত
ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) গত শনিবার গ্রিন কার্ডধারীদের উদ্দেশে একটি নতুন সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা জালিয়াতি এবং অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে তাদের পদক্ষেপ আরো জোরদার করছে।
গ্রিন কার্ড কী?
গ্রিন কার্ড, যার আনুষ্ঠানিক নাম হলো ‘পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড’, ইউএসসিআইএস কর্তৃক সেইসব বিদেশি নাগরিকদের প্রদান করা হয়, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য বসবাস ও কাজ করার অনুমতি পেয়েছেন। এই কার্ডের অধিকারীদের ‘আইনসম্মত স্থায়ী বাসিন্দা’ হিসেবে গণ্য করা হয়।
ইউএসসিআইএস পরিচালকের সতর্কবার্তা
ইউএসসিআইএস-এর পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, প্রশাসন তাদের আইন প্রয়োগকারী উদ্যোগগুলো সম্প্রসারিত করছে এবং বিগত বছরগুলোতে অনুমোদিত মামলাসহ পুরনো সকল নথিপত্র পুনরায় যাচাই করছে।
সংস্থায় নতুন স্পেশাল এজেন্ট নিয়োগের পাশাপাশি, ইউএসসিআইএস বেশ কিছু ‘টিপ লাইন’ (গোপন তথ্য প্রদানের মাধ্যম) চালু করতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ সন্দেহভাজন অভিবাসন জালিয়াতি সম্পর্কে রিপোর্ট করতে পারেন।
এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো লিখেছেন, ‘কোনো তথ্যই ছোট নয়। আমরা আইসিই এবং সিবিপি-এর মতো আমাদের অংশীদারদের সাথে নিয়ে এটি তদন্ত করব। যারা জালিয়াতি করছেন, এখনই থামুন! কারণ আমরা আপনাদের খুঁজে বের করব। আপনি যদি ইতিমধ্যে এটি করে থাকেন এবং ভেবে থাকেন যে পার পেয়ে গেছেন, তবে মনে রাখবেন আমরা পুরনো নথিপত্রও পুনরায় খতিয়ে দেখছি।’
তিনি উল্লেখ করেন, সংস্থাটি আগের অনুমোদনগুলো পুনরায় পর্যালোচনা করছে।
এডলোর মতে, তারা পুরনো মামলাগুলোর মূল্যায়ন করছেন এবং বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় যারা গ্রিন কার্ড বা অন্যান্য সুবিধা পেয়েছিলেন, যখন পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের অভাব ছিল, তাদের মামলাগুলো পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।
এডলো এই পদক্ষেপকে বৃহত্তর নিরাপত্তা অগ্রাধিকারের সাথে যুক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হলো আমেরিকানদের নিরাপদ রাখা। উগ্রপন্থী, সক্রিয়বাদী বিচারকদের চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা এই দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকাকে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব, এবং আমরা কোনো ক্ষমা প্রার্থনা ছাড়াই এটি করব।’
গ্রিন কার্ডধারীদের জন্য এর প্রভাব কী?
যোগ্যতার বিষয়ে এডলো স্পষ্ট করে জানিয়েছেন, আর্থিক স্বনির্ভরতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
তিনি আরো যোগ করেন, ‘আমরা চাই সেইসব মানুষই এই দেশে আসুক যারা নিজেদের যতœ নিতে সক্ষম এবং যারা সরকারি তহবিলের ওপর বোঝা হয়ে দাঁড়াবে না। আপনি যদি নিজের খরচ চালাতে না পারেন এবং নিজের দেখাশোনা করতে না পারেন, তবে আপনি এই দেশে গ্রিন কার্ড পাবেন না।’

















