ছবি: সংগৃহীত
রিপাবলিকান গভর্নর পদপ্রার্থী ব্রুস ব্লেকম্যান জানিয়েছেন, নিউইয়র্ককে আরো নিরাপদ এবং সাশ্রয়ী করার জন্য তার কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ এবং সম্ভাব্য জিওপি মনোনীত এই প্রার্থী ‘দ্য পোস্ট’-এর সাথে তার ব্লুপ্রিন্ট শেয়ার করেছেন, যেখানে তিনি ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে ‘এম্পায়ার স্টেট’ কীভাবে পরিচালনা করবেন তার রূপরেখা দিয়েছেন।
ডেমোক্র্যাটিক গভর্নর হোচুল সম্পর্কে ব্লেকম্যান বলেন, “একজন গভর্নর যিনি মানুষের পে-চেক বা উপার্জনকে নিজের ‘স্লাশ ফান্ড’ (বিলাসের তহবিল) হিসেবে বিবেচনা করেন, তার কারণে নিউ ইয়র্কবাসীরা নিজেদের ঘরবাড়ি হারানোর সংকটে পড়েছেন।”
ব্লেকম্যানের শিগগিরই প্রকাশিতব্য এই পরিকল্পনার অন্যতম দিক হলো : অবৈধ অভিবাসীদের জন্য নিউ ইয়র্কের ‘স্যাঙ্কচুয়ারি স্টেট’ (অভয়ারণ্য রাষ্ট্র) মর্যাদা বাতিল করা এবং নিউ ইয়র্ক সিটি যদি তাদের কঠোর স্যাঙ্কচুয়ারি আইন বজায় রাখে, তবে সেখানে রাজ্য সরকারের অর্থায়ন বন্ধ করে দেওয়া।
৭০ বছর বয়সী ব্লেকম্যান বলেন, ’আমি নিউ ইয়র্ক সিটিকে বিলিয়ন বিলিয়ন ডলার দেব না তাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য, যখন তারা সেই টাকা নিউ ইয়র্কের বাসিন্দা নয় এমন মানুষের পেছনে উড়িয়ে দিচ্ছে।’ এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটির ৫.৪ বিলিয়ন ডলারের তথাকথিত বাজেট ঘাটতি মেটাতে ১.৫ বিলিয়ন ডলার দিতে রাজি হওয়ায় তিনি হোচুলের তীব্র সমালোচনা করেন।
ব্লেকম্যান তার পরিকল্পনার নাম দিয়েছেন ‘দ্য অ্যাফোর্ডেবিলিটি ম্যান্ডেট’। তিনি দাবি করেন, এটি দেশের অন্যতম সর্বোচ্চ করের রাজ্যে একটি ‘ঐতিহাসিক’ আর্থিক স্বস্তি বয়ে আনবে।
এই পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো
যাদের বার্ষিক আয় ২,৫০,০০০ ডলারের নিচে, তাদের জন্য ১০% আয়কর হ্রাস।
একক করদাতার ক্ষেত্রে প্রথম ৫০,০০০ ডলার এবং যৌথ করদাতার ক্ষেত্রে প্রথম ১,০০,০০০ ডলার উপার্জনের ওপর কোনো রাজ্য আয়কর না রাখা।
ব্লেকম্যান জানান, এর ফলে ২,৫০,০০০ ডলার আয় করা একটি দম্পতির বার্ষিক কর ১৩,০০০ ডলার থেকে কমে ৬,০০০ ডলারে নামবে। অন্যদিকে, ১,০০,০০০ ডলার আয় করা একজন একক ব্যক্তির কর ৫,০০০ ডলারের পরিবর্তে ২,০০০ ডলার হবে।
তিনি আরো বলেন, ‘ক্যাথি হোচুলের রেকর্ড পরিমাণ উচ্চ কর নিউ ইয়র্কবাসীদের ফ্লোরিডা বা টেক্সাসের মতো রাজ্যগুলোতে পালিয়ে যেতে বাধ্য করছে। আমাদের কর কমানোর কোনো বিকল্প নেই।’
এছাড়া, ম্যানহাটনে প্রবেশের জন্য হোচুলের প্রস্তাবিত ‘কনজেশন টোলিং’ (যানজট নিরসন টোল) ব্যবস্থা বাতিলেরও অঙ্গীকার করেন তিনি।
ব্লেকম্যান গ্যাস ও বিদ্যুৎ বিল (ইউটিলিটি বিল) কমানোর দিকেও নজর দেবেন। তিনি নিউ ইয়র্ক স্টেট এনার্জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির ‘সবুজ জ্বালানি’ বা ‘গ্রিন এনার্জি’ প্রকল্পের জন্য বরাদ্দকৃত কিন্তু অব্যবহৃত ২.৪ বিলিয়ন ডলার সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেন।
তিনি বলেন, ‘ক্যাথি হোচুলের লুকানো কর এবং গ্রিন ম্যান্ডেটের কারণে নিউ ইয়র্কবাসীরা জাতীয় গড় হারের তুলনায় ৫০% বেশি ইউটিলিটি বিল দিচ্ছে। আমরা হোচুলের এই ব্যয়বহুল জ্বালানি পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করব এবং নির্ভরযোগ্য প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক শক্তির দিকে মনোনিবেশ করব।’
জননিরাপত্তার বিষয়ে ব্লেকম্যান বলেন, তিনি বাজেট প্রক্রিয়ার সময় রাজ্য আইনসভার সাথে কাজ করবেন যাতে ‘ক্যাশলেস বেল’ (নগদহীন জামিন) আইন বাতিল করা যায়—যাকে সমালোচকরা অপরাধীদের রাস্তায় রাখার হাতিয়ার হিসেবে মনে করেন।
পাশাপাশি তিনি স্থানীয় পুলিশ বিভাগগুলোর জন্য তহবিল বাড়াতে চান, যাতে তারা আরো বেশি পুলিশ নিয়োগ দিতে পারে এবং অপরাধ দমনে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে। উল্লেখ্য, ২০২২ সালে কাউন্টি এক্সিকিউটিভ হওয়ার পর থেকে নাসাউতে অতিরিক্ত ৬০০ পুলিশ নিয়োগে তিনি সহায়তা করেছেন।

















