ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন যে, নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস (ডিএমডব্লিউ) ২০২৫ সালে চুরিকৃত গাড়ি, টাইটেল (মালিকানা নথি), যন্ত্রাংশ এবং সেবার বিনিময়ে নিউ ইয়র্কবাসীদের ১৩.৬ মিলিয়ন (১ কোটি ৩৬ লাখ) ডলারেরও বেশি অর্থ উদ্ধারে সহায়তা করেছে।
২০২৪ সালে এই উদ্ধারের পরিমাণ ছিল ১১ মিলিয়ন ডলার। এই পদক্ষেপগুলো মূলত নিউইয়র্কবাসীদের ঠকিয়ে চালানো সংগঠিত গাড়ি চুরি এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সাহায্য করে।
গভর্নর হোচুল বলেন, ‘যখন গ্রাহকরা প্রতারিত হন, নিউইয়র্ক তখন তাদের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমাদের রাজ্যের বেশিরভাগ অটো মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলার চমৎকার কাজ করেন, কিন্তু যখনই জালিয়াতি বা চুরির ঘটনা ঘটে, রাজ্য সরকার তা সংশোধনের জন্য সর্বাত্মক চেষ্টা করে। ডিএমভি অনেক নিউইয়র্কবাসীর ধারণার চেয়েও অনেক বেশি কাজ করে এবং গ্রাহকদের সুরক্ষায় তাদের প্রতিদিনের কাজের এটি একটি বড় উদাহরণ।’
গভর্নর হোকুল গাড়ি চুরির বিরুদ্ধে ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছেন এবং ২০২৬ সালের এজেন্ডায় অটো ইন্স্যুরেন্সের (গাড়ি বিমা) খরচ কমানোকে একটি প্রধান লক্ষ্য হিসেবে রেখেছেন। বর্তমানে নিউইয়র্কবাসীরা সারা দেশের মধ্যে অন্যতম উচ্চহারে গাড়ি বিমা পরিশোধ করে থাকেন। গাড়ি চুরি এবং সংগঠিত জালিয়াতি, এই বর্ধিত ব্যয়ের দুটি বড় কারণ। সাধারণ জ্ঞানসম্পন্ন সংস্কারগুলো এগিয়ে নেওয়ার মাধ্যমে গভর্নর হোকুলের প্রস্তাব নিউইয়র্কের রাস্তাগুলোকে আরও নিরাপদ করবে এবং লাখ লাখ চালকের জন্য প্রয়োজনীয় স্বস্তি বয়ে আনবে।
ডিএমভি কমিশনার মার্ক জে. এফ. শ্রোডার বলেন, ‘গ্রাহকদের সহায়তা করার ক্ষেত্রে আমাদের কর্মীরা এবং নেতৃত্ব অত্যন্ত গর্ববোধ করেন। যদি আপনাকে কোনো ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রি করা হয়, নি¤œমানের মেরামত সেবা দেওয়া হয় কিংবা আপনার কেনা গাড়ির মালিকানা নথি বা টাইটেল না দেওয়া হয়, তবে আমাদের কর্মীরা আপনাকে সাহায্য করতে পারেন। আমরা প্রথমে গ্রাহক এবং ব্যবসার মধ্যে বিরোধগুলো মীমাংসার চেষ্টা করি, কিন্তু প্রয়োজন হলে আমরা গ্রাহক সুরক্ষায় আমাদের প্রয়োগকারী ক্ষমতার ব্যবহারে দ্বিধা করব না।’
গভর্নর হোকুল তার সাশ্রয়ী জীবনযাত্রা এবং ক্রমবর্ধমান গাড়ি বিমা খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে ‘নিউ ইয়র্ক স্টেট মোটর ভেহিকল থেফট অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্রড প্রিভেনশন বোর্ড’-কে পুনরুজ্জীবিত করছেন। এই বোর্ডের অংশ হিসেবে ডিএমভি অন্যান্য সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গাড়ি চুরি রোধ এবং বীমা খরচ কমানোর নতুন পদ্ধতি বাস্তবায়ন করবে।
সংস্থাটি ১০.৪ মিলিয়ন ডলার মূল্যের ৩৮৪টি চোরাই গাড়ি এবং ৭৬,৭৭৮ ডলার মূল্যের ১৮টি চোরাই যন্ত্রাংশ উদ্ধার করেছে। নিউইয়র্কবাসীদের ফেসবুক মার্কেটপ্লেস, ক্রেগলিস্ট এবং সমজাতীয় ওয়েবসাইটগুলোতে অনলাইনে গাড়ি কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায়ই দেখা যায় এসব গাড়ির আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) পরিবর্তন করা থাকে এবং ভুয়া টাইটেল থাকে, যার ফলে নিরীহ ক্রেতারা অজান্তেই চুরিকৃত গাড়ি কিনে টাকা এবং গাড়ি দুটিই হারান।
এছাড়া ডিএমভি ৬০৪ জন গ্রাহককে অসাধু অটো ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৩.২ মিলিয়ন ডলার সমমূল্যের টাইটেল, সেবা এবং রিফান্ড পেতে সহায়তা করেছে।
গ্রাহকদের অভিযোগ তদন্তের পর ডিএমভি এমন সব ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা বড় ধরনের ত্রুটি গোপন করে গাড়ি বিক্রি করেছে, অসম্পূর্ণ বা নি¤œমানের মেরামতের জন্য টাকা নিয়েছে কিংবা অপ্রয়োজনীয় মেরামতের জন্য বিল করেছে। এই কাজের মাধ্যমে ডিএমভি ৫৩৮ জন গ্রাহককে ডিলারশিপ এবং ওয়ার্কশপ থেকে মোট ১,৬০৪,৪৬০ ডলার উদ্ধারে সাহায্য করেছে। যার মধ্যে ৮৮২,১৩১ ডলার রিফান্ড হিসেবে, ৪৫৯,৯৭৯ ডলার মূল্যের গাড়ি পুনরায় কেনা এবং ২৫২,৬৫৫ ডলার সমমূল্যের পুনরায় কাজ করিয়ে দেওয়া অন্তর্ভুক্ত।

















