রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাস্তার ধারের  ডাইনিং চালু  থাকছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রাস্তার ধারের  ডাইনিং চালু  থাকছে

ছবি: সংগৃহীত

রেস্তোরাঁ শিল্পের জন্য সুখবর নিয়ে এসেছেন সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন। কাউন্সিল এমন একটি আইন পাস করার পরিকল্পনা করছে, যা রাস্তার ধারের আউটডোর ডাইনিং শেড বা ঘরগুলো সারা বছর খোলা রাখার অনুমতি দেবে।

মেনিন বলেন, ‘আমরা আউটডোর ডাইনিং কর্মসূচিটি সংশোধন করতে যাচ্ছি এবং একে সারা বছর ব্যাপী করতে চাই।’ তিনি আরো যোগ করেন, ‘এই পদক্ষেপগুলো ক্ষুদ্র ব্যবসাগুলোকে টিকে থাকতে এবং মানিয়ে নিতে সাহায্য করবে। মূলত অতীতের এমন কিছু নিয়ম আমরা পরিষ্কার করছি যা ব্যবসা বন্ধ হওয়া এবং চাকরি হারানোর কারণ হতে পারে।’
করোনা মহামারির সময় সামাজিক দূরত্বের নিয়মের মধ্যে টিকে থাকার লড়াই হিসেবে আউটডোর ডাইনিং ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছিল। তবে ২০২৩ সালে কাউন্সিল একটি স্থায়ী আইন পাস করে, যেখানে নকশা এবং ফির বিষয়ে কঠোর নির্দেশনাসহ আউটডোর ডাইনিংকে একটি নিয়মিত কর্মসূচির আওতায় আনা হয়।
বর্তমান কর্মসূচি অনুযায়ী, রেস্তোরাঁগুলো ফুটপাতের ওপর তাদের সেটআপ সারা বছর চালাতে পারলেও রাস্তার ধারের ক্যাফে শেডগুলো কেবল এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত রাখার অনুমতি পায়।
এনওয়াইসি হসপিটালিটি অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু রিগি বলেন, ‘অনেক রেস্তোরাঁ এই কর্মসূচিতে অংশ নেওয়ার সামর্থ্য রাখছিল না। এতে আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপ ছিল অনেক বেশি।’
রিগির মতে, বর্তমান নিয়মগুলো ব্যবসার জন্য অত্যন্ত কঠোর এবং ব্যয়বহুল। তিনি বলেন, ‘রেস্তোরাঁগুলোকে রাস্তার ধারে সারা বছর ডাইনিং করার অনুমতি দেওয়া উচিত। যাতে তাদের একটি কাঠামো তৈরি করে আবার তা ভেঙে ফেলা, গুদামজাত করা, মাসের পর মাস ভাড়া দেওয়া এবং পুনরায় তা স্থাপন করার পেছনে বাড়তি খরচ করতে না হয়।’
স্থায়ী কর্মসূচি শুরু হওয়ার আগে ১২,০০০ আউটডোর ডাইনিং কাঠামো ছিল। কিন্তু সিটির পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল পর্যন্ত মাত্র ৬০০টি রেস্তোরাঁ রাস্তার ধারের সেটআপের জন্য আবেদন করেছে, যেখানে ফুটপাথের জন্য আবেদন পড়েছে প্রায় ২,০০০টি।
মেয়র জোহরান মামদানি বুধবার এই পরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। আমি সারা বছর আউটডোর ডাইনিং চালু রাখার বিষয়টিকে সমর্থন করি।’
গত বছর কাউন্সিলম্যান লিঙ্কন রেসলার এ কর্মসূচিটিকে আবাাে কোভিড-কালীন রূপে ফিরিয়ে নিতে একটি বিল পেশ করেছিলেন। মেনিন এখন সেই বিলটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।
পার্কিং ব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে যারা চিন্তিত, তাদের আশ্বস্ত করে মেনিন বলেন, ‘প্রথমত, আমরা কোনো পার্কিং স্পট দখল করছি না।’ 
 

শেয়ার করুন: