শুক্রবার, ২৯ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফুলতলী ইসলামিক  সেন্টারে সেমিনারের আয়োজন

নিউইয়র্ক

প্রকাশিত: ২০:০৮, ২৯ মে ২০২৬

ফুলতলী ইসলামিক  সেন্টারে সেমিনারের আয়োজন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত ফুলতলী ইসলামিক সেন্টারে শিশু ও শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতকরণে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) ‘আমাদের শিশু এবং শিক্ষক সুরক্ষা: সচেতনতা, প্রতিরোধ ও ক্ষমতায়ন’ শীর্ষক এই সেমিনারে কমিউনিটির ইমাম, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন ড. সামি এবং সিস্টার রানিয়া (এমএ)। তারা উপস্থাপনায় ইসলামে শিশুদের ‘আমানত’ হিসেবে অভিহিত করে তাদের সব ধরনের নির্যাতন ও নিপীড়ন থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার পরিবেশকে কীভাবে শিশুদের জন্য নিরাপদ রাখা যায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্যবস্থাপনা কমিটির করণীয় কী, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, ইমাম এবং শিক্ষকেরা যাতে সঠিক ও নিরাপদ দিকনির্দেশনা সম্পর্কে পুরোপুরি সচেতন থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও সেমিনারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সেমিনারে শিক্ষক, ইমাম ও বিভিন্ন পরিবারের সদস্যসহ প্রায় ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে সরাসরি শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরেকটি বিশেষ সেশন আয়োজনের অনুরোধ জানানো হয়।
 

শেয়ার করুন: