ছবি: সংগৃহীত
কাজে উপস্থিত না থেকেও জালিয়াতির মাধ্যমে বেতন ও ওভারটাইম বাবদ ২ লাখ ২০ হাজার ডলারেরও বেশি আত্মসাৎ করেছেন নিউইয়র্ক সিটির প্রায় এক ডজন জেল প্রহরী। অভিযুক্তদের মধ্যে রাইকার্স আইল্যান্ডের একজন ক্যাপ্টেনও রয়েছেন। বুধবার এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করেছেন ব্রঙ্কস প্রসিকিউটররা।
৯৩-দফার একটি অভিযোগপত্র অনুযায়ী, সংশোধন কর্মকর্তাদের এই দলটি ২০২৩ সাল জুড়ে এমন সব টাইমশিটে স্বাক্ষর করে জমা দিয়েছেন যেখানে দাবি করা হয়েছে যে তারা ডিউটিতে ছিলেন, অথচ বাস্তবে তারা কারাগারের ধারেকাছেও ছিলেন না। এই দলের প্রধান, ক্যাপ্টেন উইলিয়াম নিউলিন একাই জালিয়াতির মাধ্যমে ৫০ হাজার ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন।
আদালতে ব্রঙ্কসের সহকারী জেলা অ্যাটর্নি ক্রিশ্চিয়ান কমেলিন বলেন, ‘অভিযোগ রয়েছে যে, ওই সময়ে প্রত্যেক কর্মকর্তা এবং ক্যাপ্টেন নিউলিন এমন সব ভুল টাইমশিট জমা দিয়েছিলেন যেখানে তাঁদের প্রকৃত কর্মঘণ্টার চেয়ে অনেক বেশি সময় দেখানো হয়েছিল।’ প্রসিকিউটর আরো যোগ করেন, ‘এমনকি কিছু ক্ষেত্রে টাইমশিটে তাদের উপস্থিত দেখানো হলেও বাস্তবে তারা পুরো দিনই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।’
তদন্তে অংশ নেওয়া ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন-এর ভারপ্রাপ্ত কমিশনার ক্রিস্টোফার রায়ান উল্লেখ করেন, এই চুরি এমন এক সময়ে ঘটেছে, যখন সিটির সংশোধন বিভাগ চরম কর্মী সংকটে ভুগছিল এবং প্রতিটি কর্মীর উপস্থিতি ছিল অত্যন্ত জরুরি। এক বিবৃতিতে রায়ান বলেন, ‘এই অসদাচরণের বোঝা শেষ পর্যন্ত করদাতাদের কাঁধেই চেপেছে এবং এটি জনআস্থা ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষুণœ করেছে।’ তিনি আরো জানান, ২ লাখ ২৮ হাজার ডলারের এই হিসাবটি কেবল এক বছরের একটি ‘ন্যূনতম প্রাক্কলন’ মাত্র।
অভিযুক্তদের তালিকায় ৫১ বছর বয়সী নিউলিনের পাশাপাশি ১০ জন সংশোধন কর্মকর্তা রয়েছেন : রেমন্ড এসপিনো (৩৭), জেসন মিলার (৪৪), রেমন্ড লাস্ত্রা (৫৫), ওডিনি ব্রাউন (৫৪), ক্লিফোর্ড কম্পটন (৪৪), ওডেট অ্যাডামস (৫৪), জেসন ক্যাটালানোটো (৪৩), কেনিয়াটা জনসন (৫৯), ক্যাটরিনা থমাস (৪৫) এবং ক্যাটরিসিয়া চ্যান্ডলার (৫৪)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৮,৪১২ ডলার থেকে ৩০,৮০০ ডলার পর্যন্ত জালিয়াতির অভিযোগ রয়েছে।
শুনানির সময় অভিযুক্ত সহকর্মীদের সমর্থন জানাতে আদালতের এজলাসে প্রায় দুই ডজন সংশোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযুক্ত ১১ জন কর্মকর্তাই নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং কোনো জামানত ছাড়াই মুক্তি পেয়েছেন। আগামী ১৪ আগস্ট তাদের পুনরায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

















