শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নাগরিক উপদেষ্টা কমিটির নতুন প্রতিবেদন

যানজট শুল্কে সাবওয়েতে যাত্রী বৃদ্ধি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২০ মার্চ ২০২৬

যানজট শুল্কে সাবওয়েতে যাত্রী বৃদ্ধি

ছবি: সংগৃহীত

গত বছর যদি সাবওয়েগুলোতে আগের চেয়ে একটু বেশি ভিড় মনে হয়ে থাকে, তবে বুঝতে হবে, বাস্তবেই ভিড় বেড়েছে। এমটিএ-র স্থায়ী নাগরিক উপদেষ্টা কমিটির একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে, সাবওয়ের যাত্রী সংখ্যা ২০২৪ সালের ১.২১ বিলিয়ন থেকে বেড়ে ২০২৫ সালে প্রায় ১.৩ বিলিয়নে দাঁড়িয়েছে, যা প্রায় ৭.৭% বৃদ্ধি। যেসব ৩৯টি স্টেশনে ২০%-এর বেশি যাত্রী বেড়েছে, তার বেশির ভাগই ম্যানহাটানের বাইরে অবস্থিত।

পিসিএসি-র সহযোগী পরিচালক ব্রায়ান ফ্রিচ বলেন, ‘অফিসে ফেরার কারণে যাত্রী বাড়ার যে প্রবণতা ছিল, তা এখন পুরোপুরি স্থিতিশীল হয়ে গেছে। এটি এখন আর যাত্রী বাড়ার প্রধান কারণ নয়। আমার মনে হয় মূল পরিসংখ্যানগুলো এটিই নির্দেশ করছে, প্রধান কারণগুলো হলো নিশ্চিতভাবেই কনজেশন প্রাইসিং (যানজট শুল্ক) শুরু হওয়া এবং ভাড়া ফাঁকি রোধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপ।’
ফ্রিচ জানান, এমটিএ-র তথ্য ব্যবহার করে তৈরি এই প্রতিবেদনে আরো দেখা গেছে যে, সাধারণ গড় বৃদ্ধির চেয়ে ছুটির দিনগুলোতে (উইকেন্ড) যাত্রী সংখ্যা আরো বেশি বেড়েছে, যার হার ৯.৪%।
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের এটাই বলছে, যখন মানুষের কাছে যাতায়াত করা বা না করার বিকল্প থাকে (যাকে আমরা ঐচ্ছিক ভ্রমণ বলি), তখন তারা গাড়ি চালানো বা অন্য মাধ্যমের চেয়ে যাতায়াতের জন্য গণপরিবহন, বিশেষ করে সাবওয়েকে বেশি বেছে নিচ্ছে।’
প্রতিবেদনটিতে স্টেশন অনুযায়ী যাত্রীদের তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে। ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অবস্থিত বেডফোর্ড অ্যাভিনিউ এল ট্রেন স্টেশনে ছুটির দিনে সর্বোচ্চ যাত্রী বৃদ্ধি দেখা গেছে, এমনকি তা টাইমস স্কয়ারকেও ছাড়িয়ে গেছে। যদিও সামগ্রিক বৃদ্ধির দিক থেকে টাইমস স্কয়ার স্টেশনটিই সবার উপরে ছিল।
ফ্রিচ বলেন, ‘ম্যানহাটনের বাইরের একটি স্টেশন, যেখানে মাত্র একটি লাইনের ট্রেন চলে, সেখানে এমন উল্লেখযোগ্য বৃদ্ধি সত্যিই অভাবনীয়।’
সকালের কর্মব্যস্ত সময়ে যাতায়াতের জন্য যাত্রী বাড়ার হার ছিল মাত্র ৭.১%। পিসিএসি মনে করে এর কারণ হলো, চাকরিজীবীরা আগে থেকেই কাজে যাওয়ার জন্য গণপরিবহন ব্যবহার করছিলেন।
 

শেয়ার করুন: