ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে গিয়ে কয়েকজনকে ভবনের জানালা থেকে লাফ দিতে দেখা গেছে বলে জানিয়েছে দমকল বিভাগ- এফডিএনওয়াই।
সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে ফ্লাশিংয়ের অ্যাভেরি অ্যাভিনিউতে একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং উপরের দুই তলায় ছিল একাধিক আবাসিক ইউনিট।
দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় ভেতরে থাকা দুইজন ফায়ারফাইটার আটকা পড়লে “মে ডে” কল দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারা সামান্য আহত হলেও সুস্থ হয়ে উঠবেন বলে জানানো হয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ইটের তৈরি ভবনটির জানালা দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছে। এক পর্যায়ে দ্বিতীয় তলার একটি জানালা থেকে একজন ব্যক্তিকে উদ্ধার করতে দেখা যায় দমকলকর্মীদের।
দমকল কর্মকর্তারা জানান, তিনজনের মরদেহ ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়, যার মধ্যে একটি শিশুও রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে অন্তত দুইজন দ্বিতীয় তলার জানালা থেকে লাফ দেন। তাদের মধ্যে এক নারীকে “আমার বাচ্চা, আমার বাচ্চা” বলে চিৎকার করতে শোনা যায়।
এদিকে, ভয়াবহ অগ্নিকা-ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মেয়র তার পোস্টে বলেন, “এফডিএনওয়াই-এর সাহসী দমকলকর্মী এবং ইএমএস কর্মীদের ধন্যবাদ, যারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বাসিন্দাদের উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন—তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তবে কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















