বুধবার, ২৫ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৪ ঘণ্টার শিফট বাতিলের দাবি

সিটি হলের সামনে হোম কেয়ার কর্মীদের অবস্থান

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৭, ২০ মার্চ ২০২৬

সিটি হলের সামনে হোম কেয়ার কর্মীদের অবস্থান

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির সিটি হলের সামনে ২৪ ঘণ্টার শিফট বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডজনখানেক হোম কেয়ার কর্মী। ১৮ মার্চ বুধবার শুরু হওয়া এই অবস্থান অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা। তারা মেয়র জোহরান মামদানি ও সিটি কাউন্সিলের কাছে একটি প্রস্তাবিত বিল সমর্থনের দাবি জানিয়েছেন, যাতে ২৪ ঘণ্টার শিফট নিষিদ্ধ করে সর্বোচ্চ ১২ ঘণ্টার শিফট চালুর কথা বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের পেছনে রয়েছে একটি বিতর্কিত নীতি, যেখানে ২৪ ঘণ্টা কাজ করলেও কর্মীদের মাত্র ১৩ ঘণ্টার পারিশ্রমিক দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কর্মীদের তিন ঘণ্টার খাবারের বিরতি এবং অন্তত পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের সুযোগ থাকার কথা থাকলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না বলে অভিযোগ করেছেন কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের অনেকেই এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আসা বয়স্ক অভিবাসী নারী। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে ব্রডওয়ে ও মারে স্ট্রিট এলাকায় তারা জড়ো হন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
কর্মীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে তারা টানা ৯৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য হন, অথচ সেই সময়ের সামান্য অংশের জন্যই পারিশ্রমিক পান। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
৭৩ বছর বয়সী হোম কেয়ার কর্মী মিরেয়া সিলভা জানান, দীর্ঘদিনের শারীরিক পরিশ্রমের কারণে তাকে আগেভাগেই অবসর নিতে হয়েছে। কাজের চাপের কারণে তার মেরুদ-ে সমস্যা, হাতের হাড়ে ফাটলসহ নানা শারীরিক জটিলতা তৈরি হয়েছে।
আয়োজকদের মতে, ২৪ ঘণ্টার শিফটের পরিবর্তে দুটি ১২ ঘণ্টার শিফট চালু করা হলে কর্মীদের ওপর চাপ কমবে এবং সেবার মানও উন্নত হবে। তবে সংশ্লিষ্ট মহলের কেউ কেউ মনে করছেন, এই পরিবর্তন কার্যকর করতে অতিরিক্ত রাজ্য অর্থায়ন প্রয়োজন হবে।
 

শেয়ার করুন: