ছবি: সংগৃহীত
বিগত বছরে রেকর্ড পরিমাণ মুনাফা করা সত্ত্বেও নিজেদের অগ্রাধিকারমূলক খাতগুলোর পুনর্গঠন করতে বিশ্বব্যাপী তাদের কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ বা প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাই করছে ওয়াল স্ট্রিটের জায়ান্ট প্রতিষ্ঠান মর্গ্যান স্ট্যানলি। এই বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো ‘মিডিয়া’-কে তথ্যটি নিশ্চিত করেছে।
পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, টেড পিকের নেতৃত্বাধীন এই ঋণদাতা প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ট্রেডিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগগুলোতে এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে। তারা আরো যোগ করেছেন, গত সপ্তাহ থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং মর্গ্যান স্ট্যানলির মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক উভয় দফতরের কর্মীরাই এর ফলে প্রভাবিত হবেন।
চাকরিচ্যুতির এই খবরটি বুধবার প্রথম প্রকাশ করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। প্রায় ৮৩ হাজার কর্মীর এ ব্যাংকটি ২০২৫ সালে রেকর্ড আয় করেছে। ব্যবসায়িক চুক্তি বা ডিলমেকিংয়ের পুনর্জাগরণ, বাজারের অস্থিরতার কারণে ট্রেডিং ডেস্কের মুনাফা বৃদ্ধি এবং ধনী গ্রাহকদের ব্যয় করার প্রবণতা প্রতিষ্ঠানটির আয় বাড়াতে সাহায্য করেছে। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় অর্ধেক আসে যে ‘ওয়েলথ ইউনিট’ থেকে, চতুর্থ প্রান্তিকে তাদের আয় বেড়েছে ১৩ শতাংশ।

















