শনিবার, ০৭ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে বাংলা ট্রাভেলের ২৫ বছরপূর্তি অনুষ্ঠান

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:৪১, ৬ মার্চ ২০২৬

নিউইয়র্কে বাংলা ট্রাভেলের ২৫ বছরপূর্তি অনুষ্ঠান

ছবি - নবযুগ

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পবিত্র রমজানের তাৎপর্য উদযাপনের লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলস।

১ মার্চ রোববার সন্ধ্যায় কুইন্সের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল। তিনি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন। বক্তব্যে তিনি বলেন, “আমাদের অনেক গ্রাহক বহু বছর ধরে আমাদের সঙ্গে আছেন; এখন তাদের সন্তানরাও আমাদের সেবা গ্রহণ করছেন। আমরা সবসময় সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, বাংলা ট্রাভেলস বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে, যা প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন। তিনি বলেন, “ভারতীয় উপমহাদেশভিত্তিক ট্রাভেল ব্যবসার বড় অংশ প্রতিবেশী দেশের প্রতিনিধিদের হাতে থাকলেও আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের অকুণ্ঠ সমর্থনের কারণে।”
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, বাংলা ট্রাভেলস তাদের কাছে কেবল একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবারের মতো। তাদের সেবার মান উন্নত এবং গ্রাহক-কেন্দ্রিক। ভ্রমণ-সংক্রান্ত টিকিট বুকিং ও সার্ভিসে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের কার্যক্রম আরও আধুনিক ও মানসম্পন্ন করে তুলছে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা ট্রাভেলসের নিবেদিত কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। পরে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেণ্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি। 
 

শেয়ার করুন: