শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ঐতিহাসিক গিল্ডেড এজ ভবন 

ভেঙে ফেলার শঙ্কায়  ঐতিহ্য প্রেমীরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ৬ নভেম্বর ২০২৬

ভেঙে ফেলার শঙ্কায়  ঐতিহ্য প্রেমীরা

ছবি সংগৃহীত

নিউ ইয়র্কের ম্যানহাটনের ঐতিহ্যবাহী ‘গিল্ডেড এজ’ যুগের অন্যতম নিদর্শন ঐতিহাসিক ‘শিফেলিন-বাউন হাউস’ ৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেছে। আবাসন উন্নয়নকারী সংস্থা ‘সেডেসকো’ ভবনটি কিনে নিয়েছে। ধারণা করা হচ্ছে, শতবর্ষী এই ৫ তলাবিশিষ্ট রেসিডেন্সিয়াল প্রাসাদটি ভেঙে সেখানে একটি বিলাসবহুল সুপার-টলার স্কাইস্ক্র্যাপার (আকাশচুম্বী ভবন) নির্মাণ করা হবে।

১৮৯১ সালে নির্মিত এই বিখ্যাত ফাইভ-স্টোরি বোক্স-আর্টস ম্যানশনটি ভ্যান্ডারবিল্ট রাজবংশের মার্গারেট ভ্যান্ডারবিল্ট শেপার্ড তার মেয়ের বিয়ের উপহার হিসেবে তৈরি করিয়েছিলেন। পরে ১৯ শতকের শেষে এটি ব্যবসায়ী স্যামুয়েল ডব্লিউ বাউনের মালিকানায় যায়। সময়ের পরিক্রমায় ম্যানহাটনের ধনকুবেরা আবাসন এলাকা ছেড়ে অন্যদিকে চলে গেলে ভবনটির নিচতলা দোকানে রূপান্তর করা হয়, তবে ওয়েস্ট ৫৭তম স্ট্রিটের এই যুগের শেষ স্মারক হিসেবে এটি টিকে ছিল।
ঐতিহ্য সংরক্ষণের জন্য আন্দোলনকারীরা প্রাচীন এই ভবনটির সামনের অংশটি নতুন প্রজেক্টের সাথে যুক্ত রাখার আকুল আবেদন জানিয়েছেন। তবে নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংস ইতোমধ্যেই এটি ভাঙার অনুমতি অনুমোদন করেছে।
সেডেসকো দীর্ঘ এক দশক ধরে এই এলাকায় জমি সংগ্রহ করতে মোট প্রায় ২৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, এই স্থানে ১১৯টি কনডমিনিয়াম অ্যাপার্টমেন্ট, একটি ১৫৮ কক্ষের হোটেল এবং সুবিশাল রেস্তোরাঁসহ ১,১০০ ফুট উঁচু ৬৩ তলাবিশিষ্ট একটি বিলাসবহুল টাওয়ার নির্মিত হতে পারে।
 

শেয়ার করুন: