ছবি সংগৃহীত
একটি অর্থ-সংক্রান্ত ওয়াচডগ (নজরদারি) গ্রুপের তথ্য অনুযায়ী, কার্যক্রমের মান উন্নয়ন, দ্রুতগতির বাস সার্ভিস চালু এবং বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবীমার প্রিমিয়াম বাবদ আরও বেশি অর্থ প্রদানের মাধ্যমে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) প্রতি বছর প্রায় ২.৫ বিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারে।
নিউইয়র্ক সিটি ও রাজ্য বাজেট বিষয়ে কাজ করা অলাভজনক নাগরিক সংস্থা ‘সিটিজেনস বাজেট কমিশন’ এমটিএ-কে এই পরিবর্তনগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে। কারণ সংস্থাটিকে তাদের ঘাটতি বাজেট পূরণ করতে হবে, যা ২০৩০ সালের মধ্যে বেড়ে প্রায় ৯০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারেÑযদিও এমটিএ ইতোমধ্যেই ২০২৯ সালের মধ্যে বার্ষিক ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) ডলার সাশ্রয়ের প্রত্যাশা করছে। এমটিএ হলো একটি রাষ্ট্র পরিচালিত সংস্থা যা নিউইয়র্ক সিটির সাবওয়ে, বাস এবং দুটি কমিউটার রেললাইনের ট্রানজিট নেটওয়ার্ক তদারকি করে।
একটি মূল ক্ষেত্র হলো উৎপাদনশীলতা বাড়ানো। সিবিসির সোমবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এমটিএ-এর সুযোগ-সুবিধা রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রতিটি কর্মঘণ্টার বিপরীতে সংস্থাটি ট্রানজিট যানবাহনগুলো সার্ভিসে পায় মাত্র ০.৯৭ ঘণ্টা। প্রতিবেদনে বলা হয়, এটিকে জাতীয় সমকক্ষ সূচকের ১.১২ ঘণ্টায় উন্নীত করা গেলে ২০২৯ সালের মধ্যে এমটিএ-এর বার্ষিক ৩৬১ মিলিয়ন ডলার সাশ্রয় হবে এবং ১,৫৫২টি রক্ষণাবেক্ষণ পদ কমানো সম্ভব হবে।
বাসের গতি বাড়াতে সাহায্য করার জন্য এমটিএ এবং সিটির কর্মকর্তারা আরও বেশি ডেডিকেটেড বা নির্দিষ্ট বাস লেন তৈরি করছেন। প্রতিবেদন অনুযায়ী, বাসের গতি ১৫ শতাংশ বাড়ানো গেলে বার্ষিক ৩০৩ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। এছাড়া সাবওয়ে কন্ডাক্টরের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনলেÑযা এক-ব্যক্তি চালিত ট্রেন অপারেশনের ব্যবহার বৃদ্ধি করবেÑ২০২৯ সালের মধ্যে প্রতি বছর ২৩৮ মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমটিএ-এর পরিষেবাগুলো এই অঞ্চলের অর্থনীতি এবং জীবনযাত্রার মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
এমটিএ-এর অবসরপ্রাপ্ত কর্মীরা বর্তমানে কোনো স্বাস্থ্যসেবা প্রিমিয়াম প্রদান করেন না। নিউইয়র্ক রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের মতো তাদের থেকেও আর্থিক অবদান রাখার নিয়ম চালু করলে ২০২৯ সালের মধ্যে বার্ষিক ৩১৮ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমটিএ-এর নীতি ও বহিরাগত সম্পর্ক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মিচ শোয়ার্টজ এক বিবৃতিতে বলেন, “সিবিসি সঠিকভাবে লক্ষ্য করেছে যে আমরা শত শত মিলিয়ন ডলারের নতুন পুনরাবৃত্তিমূলক পরিচালন দক্ষতা নিশ্চিত করতে অসাধারণ অগ্রগতি করেছি। এবং আমরা খরচ সাশ্রয় ও উৎপাদনশীলতা সম্পর্কিত তাদের সমর্থনকে স্বাগত জানাই, যা ‘নেক্সট স্টপ : ফাস্টার বাস, বেটার সার্ভিস’ শীর্ষক আমাদের রিপোর্টের মূল কেন্দ্রবিন্দুÑযা আমরা চলতি বছরের শুরুর দিকে যৌথভাবে লিখেছিলাম।”

















