ছবি: সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজ একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি মনে করি, আজ আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন।’
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-১৭ আসনে ঢাকা আদমজী কলেজে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, ‘সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে সকালে তার খবর নিয়েছি। আমার কাছে যে খবর আছে, সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। আর যাঁরা ভোট দিতে পারছেন না, মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন।
সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।’
এদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে তাঁর ভোট দিয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। ভোট দেওয়া শেষে তিনি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ দেশে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যরা যাদের যেখানে নিয়োজিত থাকার কথা, সেখানে নিয়োজিত রয়েছি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়। আকাশ থেকে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এ ছাড়া তিনি জাতীয় এই গুরুত্বপূর্ণ সময়ে জনমনে আস্থা সৃষ্টিতে গঠনমূলক ভূমিকা রাখায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যদিকে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

















