ছবি: সংগৃহীত
একটি অমুনাফামূলক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জনগণের ১৩২,০০০ ডলার (প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা) চুরি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি এই অর্থ প্লাস্টিক সার্জারি, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ এবং ডিজনিল্যান্ড ভ্রমণসহ বিলাসবহুল ছুটিতে খরচ করেছেন।
অ্যামি নক্স, যিনি ‘হার্ম রিডাকশন কোয়ালিশন অফ সান ডিয়েগো’-র সিওও ছিলেন, তিনি এই তহবিলের প্রায় ৩০,০০০ ডলার খরচ করেছেন স্তন ইমপ্ল্যান্ট, টামি টাক (পেটের চর্বি কমানো) এবং হাত ও উরুর অস্ত্রোপচারে।
অ্যামি হার্নান্দেজ এবং অ্যামি কেচাম নামেও পরিচিত এই অভিযুক্ত প্রতারক সান ডিয়েগোর অ্যালপাইন এলাকায় ১.৩ মিলিয়ন ডলারের একটি রাজকীয় বাড়িতে বসবাস করতেন। তার আরও একটি বাড়ি ছিল।
চুরি হওয়া এই অর্থগুলো মূলত শহরের মাদকাসক্তদের জন্য বিনামূল্যে ওভারডোজ-বিরোধী ওষুধ এবং ফেন্টানিল পরীক্ষার কিট কেনার জন্য বরাদ্দ ছিল, যা করদাতার অর্থ এবং দাতব্য অনুদান থেকে সংগ্রহ করা হয়েছিল।
হার্ম রিডাকশন কোয়ালিশনের সিইও তারা স্ট্যামোস-বুয়েসিগ ‘ক্যালিফোর্নিয়া পোস্ট’-কে জানান, তিনি গত মে মাসে প্রথম নক্সের এই অর্থ চুরির বিষয়টি লক্ষ্য করেন।
তিনি বলেন, অস্ত্রোপচারের পর যখন তিনি সুস্থ হচ্ছিলেন, তখনও তিনি অফিসে আসতেন। আমার কোনো ধারণাই ছিল না যে তিনি সংস্থার টাকা দিয়ে নিজের এই চিকিৎসার খরচ মেটাচ্ছেন।
এরপর তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে খবর দিলে তদন্ত শুরু হয় এবং কাউন্টি কর্তৃপক্ষ তাদের সাথে চুক্তি বাতিল করে দেয়। স্ট্যামোস-বুয়েসিগ জানান, চুক্তি বাতিল হওয়ায় তার সংস্থাটি ধ্বংসের মুখে পড়েছে এবং তহবিলের অভাবে তিনি কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন।
তিনি আরও যোগ করেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে। আমার সংস্থাটি একদম ফাঁকা হয়ে গেছে। সান ডিয়েগো কাউন্টি এই সংস্থাকে ১১ মিলিয়ন ডলারের বেশি মূল্যের দুটি চুক্তি দিয়েছিল। প্রসিকিউটররা জানিয়েছেন, জুনে যখন ডিএ অফিস তদন্ত শুরু করে, তখনই কাউন্টি সেই চুক্তিগুলো বাতিল করে দেয়।
নক্সকে গত সপ্তাহে জালিয়াতি এবং অর্থ আত্মসাতের ছয়টি গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে। বর্তমানে তিনি ২৫০,০০০ ডলার জামানতে বন্দি আছেন।
সান ডিয়েগো কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সামার স্টিফান বুধবার বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক যে এক প্রতারক জীবন রক্ষাকারী মূল্যবান অর্থ দিয়ে নিজের পকেট ভারী করেছে এবং বিলাস ভ্রমণ ও কসমেটিক সার্জারির খরচ মিটিয়েছে।
এ বিষয়ে মন্তব্য করার জন্য নক্সের আইনজীবীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

















